ঢাকা : নিজামীর মৃত্যুদণ্ডের রায় বহালের প্রতিবাদে জামায়াত ইসলামের ডাকা হরতাল দেশের জনগণই প্রতিহত করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনাসভায় এ কথা জানান তিনি। শ্রমিক নেতা আহসান উল্লাহ মাস্টারের ১২তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষে ‘সন্ত্রাস দমন ও মাদক মুক্ত সমাজ গঠনে জনপ্রতিনিধিদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে শহীদ আহসান উল্লাহ মাস্টার (এমপি) স্মৃতি পরিষদ।
কামাল বলেন, যুদ্ধাপরাধীদের বিচার জনগণের দাবি তাই জনগণ তো অবশ্যই এ হরতাল প্রতিহত করবে এদিকে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীও শক্ত অবস্থানে থাকবে। যারা কোনো ধরনের অপকর্ম করার চেষ্টা করবে তাদেরই প্রতিহত করবে নিরাপত্তা বাহিনী।
সম্প্রতি ঘটে যাওয়া হত্যাকাণ্ড সম্পর্কে আসাদুজ্জামান খান কামাল, যখন টার্গেট কিলিং হচ্ছে তার কিছুক্ষণের মধ্যে নির্দিষ্ট ওয়েবসাইডে হত্যার দায় স্বীকার করছে আইএস। কিন্তু আই এস কোথায়? আমরাতো আইএস খুঁজে পাই না। দেশে কোনো আইএস নেই।
দেশের বিরুদ্ধে দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে উল্লেখ করে মন্ত্রী বলেন, যারা ষড়যন্ত্র করছেন আপনারা কারা তা উন্মোচিত হয়ে যাবে। ষড়যন্ত্র করে দেশের উন্নয়ন থামানো যাবে না।
সংগঠনের সভাপতি আবদুল বাতেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, ঢাকা মহানগর আওয়ামী লীগ (দক্ষিণ) সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ,আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আতাউর রহমান, আওয়ামী লীগ উপ কমিটির সহ সম্পাদক এম এ করিম প্রমুখ ।

Comments are closed.