খুনের রাজনীতি নয়, নির্বাচন চায় জাতীয় পার্টি

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নির্বাচন পদ্ধতি পরিবর্তনের আহবান জানিয়ে বলেছেন, খুনের রাজনীতি নয়, নির্বাচন চায় জাতীয় পার্টি।

শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির ৮ম সম্মেলনে একথা বলেন তিনি।

দলত্যাগী নেতাদের উদ্দেশ্য করে এরশাদ বলেন, যারা জাতীয় পার্টি থেকে চলে গেছেন তাদের জন্য আমাদের দলের দরজা খোলা রয়েছে। ফিরে আসুন। আমরা আপনাদের সাদরে গ্রহণ করবো।

তিনি বলেন, জীবনের শেষ প্রান্তে এসে পার্টিকে ঐক্যবদ্ধ দেখতে চাই। এতো ঘাত-প্রতিঘাতের পরেও সমাবেশে এতো লোকের সমাগম প্রমাণ করেছে জাতীয় পার্টি ছিল, আছে, থাকবে। পার্টিকে যদি তোমরা ঐক্যবদ্ধ করতে পারো তাহলে আমাদের বিজয় কেউ ঠোকাতে পারবে না।

নির্বাচন পদ্ধতির সংস্কার দাবি করে এরশাদ বলেন, প্রতিহিংসার রাজনীতি এখনো চলছে। এটা বন্ধ করতে হবে। এর জন্য নির্বাচন পদ্ধতিতে সংস্কার  প্রয়োজন। নির্বাচন হতে পারে দলের ভিত্তিতে, অর্থাৎ ভোটাররা সরাসরি দলকে ভোট দেবেন, প্রার্থীকে নয়। এ পদ্ধতিতে নির্বাচন হলে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা হবে না। বর্তমানে যেভাবে বাংলাদেশে সরকার গঠিত হয়, তাতে কোনো দলই ৫০ শতাংশের ওপরে ভোট পায় না। কিন্তু তারা সরকার গঠন করে।

তিনি বলেন, প্রত্যেকটি দল তিনশো আসনে প্রার্থী দেবে। ভোটের হার অনুযায়ী আসন নির্ধারণ হবে। নির্বাচন পদ্ধতিতে সংস্কার হলে প্রতিহিংসার রাজনীতি থাকবে না, দেশে শান্তি ফিরে আসবে। আমরা রাজনীতি করি শান্তির জন্য।

জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ আরো বলেন, দেশে পরিবর্তন আসবেই। আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে।

বিচার ব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বন্ধ করতে হবে দলীয়করণ। দেশে জঙ্গিবাদ নিশ্চিহ্ন করতে হবে। আর এ জন্য এক হতে হবে জাতীয় পার্টিকে।

অধিবেশনে জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার প্রমুখ বক্তব্য দেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.