সাভারে বাংলো থেকে ১৮ নারী-পুরুষ আটক

সাভার: সাভারের তুরাগে মধুমতি মডেল টাউন এলাকার একটি বাংলো বাড়ি থেকে ১৮ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ভোররাতে ‘রাজমহল রিসোর্স সেন্টার’ নামে বাংলো থেকে ওই ১৮ জনকে আটক করা হয়।

পুলিশ জানায়, অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে মধুমতি মডেল টাউনের রাজমহল রিসোর্স সেন্টারে অভিযান চালিয়ে মালিক আকতার হোসেনসহ ১৮ জনকে আটক করা হয়। পুলিশ ১৮টি মুঠোফোনও জব্দ করেছে।

রাজমহল রিসোর্স সেন্টারের তত্ত্বাবধায়ক নিজাম উদ্দিন জানান, গতকাল রাতে ওই বাংলো ভাড়া নিয়ে ঢাকার মুগদা এলাকার আনোয়ার নামের এক ব্যক্তি ডিজে পার্টির আয়োজন করেন। এ সময় সেখানে নৃত্যশিল্পীরা নগ্নভাবে নৃত্য পরিবেশন করেন।

পরে ভোররাতে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ওই বাংলোতে অভিযান চালিয়ে মালিক আকতারসহ ১৮ জনকে আটক করে।

নাজিম উদ্দিন আরো জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ডিজে পার্টি থেকে কয়েকজন যুবক পালিয়ে যান।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ওই রিসোর্স সেন্টারের মালিকসহ ১৮ জনকে আটক করা হয়েছে। বর্তমানে তাদের থানা হেফাজতে রাখা হয়েছে। আজ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.