সিটিনিউজবিডি : সাত জেলায় গতকাল নয়টি পৌরসভায় নির্বাচন অনুষ্টিত হয়। সাতটিতেই মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। আর যে দু’জন মেয়র পদে নির্বাচিত হয়েছেন তারা আওয়ামী লীগেরই বিদ্রোহী প্রার্থী। রাতে রিটার্নিং কর্মকর্তারা ফল ঘোষণা করলে দেখা যায়, ভোটের হিসাবে কোনোটিতেই প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি বিএনপির প্রার্থীরা। তবে বিএনপি অভিযোগ, ভোট জালিয়াতি ও কেন্দ্র দখল করা হলেও নির্বাচন কমিশন তা ঠেকাতে কোনো পদক্ষেপ নেয়নি।
ফেনীর ছাগলনাইয়ায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ মোস্তফা। নোয়াখালী পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত সহিদ উল্যাহ খান সোহেল মেয়র নির্বাচিত হয়েছেন। বিএনপির শক্ত অবস্থান বলে পরিচিত নোয়াখালীর সেনবাগেও মেয়র পদে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী আবু জাফর টিপু। লক্ষ্মীপুর পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন আবু তাহের। কক্সবাজারের টেকনাফ পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মো. ইসলাম। ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী এমরান উদ্দিন জুয়েল। নরসিংদীর ঘোড়াশালে আওয়ামী লীগ প্রার্থী শরীফুল হক শরিফও বিজয়ী হয়েছেন বিশাল ব্যবধানে। আর নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জামাল মোল্লা মেয়র নির্বাচিত হয়েছেন। খাগড়াছড়ির রামগড় পৌরসভায় পুনরায় নির্বাচিত হয়েছেন বর্তমান মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান কাজী রিপন।

Comments are closed.