ঢাকা : সাতটি দেশের জোট জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে চার দিনের সফরে জাপানের উদ্দেশ্য রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ (২৬ মে) বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রমুখ। জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা ও জাপানের পররাষ্ট্রবিষয়ক পার্লামেন্টারি ভাইস মিনিস্টার মিকি ইয়ামাদা প্রধানমন্ত্রীকে নাগোয়ার চুবু আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানাবেন।
শুক্রবার জি-৭ সম্মেলনের আউটরিচ অনুষ্ঠানে যোগ দেবেন এবং সেখানে বক্তব্য রাখবেন। এ ছাড়া জি-৭ আউটরিচ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী ওয়ার্কিং লাঞ্চে অংশ নেবেন এবং সেখানে বক্তৃতা করবেন। প্রধানমন্ত্রী একই দিন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গেও বৈঠক করবেন। শনিবার প্রধানমন্ত্রী শ্রীলংকার প্রেসিডেন্ট মিরথি পালা শ্রিসেনার সঙ্গে বৈঠক করবেন। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গেও এদিন তার বৈঠকের কথা রয়েছে। সন্ধ্যায় তিনি টোকিওতে নবনির্মিত চ্যান্সেরি কমপ্লেক্স উদ্বোধন করবেন।
রোববার সকালে প্রধানমন্ত্রী জাপানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। এদিন বিকেলে প্রধানমন্ত্রী জাপান প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের হেনাডা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে বিমানের একটি ফ্লাইটে টোকিও ত্যাগ করবেন।

Comments are closed.