রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রামের কালারদুয়াল এলাকায় ট্রাকের সঙ্গে ভ্যানগাড়ির সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আজ (৬ জুন) সোমবার সকাল ছয়টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-ভ্যান চালক সামাদ ব্যাপারী (৪৮) ও যাত্রী কৃষক রহিম সরদার (৬০)।

নিহত ভ্যান চালক সামাদ ব্যাপারী জেলা সদরের মিজানপুর ইউনিয়নের বাগমাড়া গ্রামের বাসিন্দা ও যাত্রী কৃষক রহিম সরদার মিজানপুর ইউনিয়নের মর্জ্জোদকোল গ্রামের বাসিন্দা।

মিজানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আতিয়ার রহমান জানান, সকালে ভ্যানে করে বাগমাড়া থেকে রাজবাড়ী শহরের দিকে কলা বিক্রি করতে যাচ্ছিলেন কৃষক রহিম সরদার। পথে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের বাগমারা কালার দোয়ার এলাকায় বরিশাল থেকে কুষ্টিয়াগামী নারিকেল বোঝাই একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক ও যাত্রী রহিম সরদারের মৃত্যু হয়।

পাংশা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. শাহাদাৎ হোসেন বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.