ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য মনিরুজ্জামান মিঞা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এই অধ্যাপকের বয়স হয়েছিল ৮১ বছর।
সোমবার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেছিলেন।
বুদ্ধিজীবী মনিরুজ্জামান মিঞা অসুস্থতার কারণে অনেকদিন ধরেই অনেকটা আড়ালে ছিলেন। মনিরুজ্জামান মিঞা বিএনপি সমর্থক পেশাজীবীদের সংগঠন শত নাগরিক জাতীয় কমিটির সদস্য ও জিয়া পরিষদের চেয়ারম্যান ছিলেন। বিগত চার দলীয় জোট সরকারের সময় পুনর্গঠিত দুর্নীতি দমন কমিশনে অধ্যাপক মনিরুজ্জামানকে কমিশনারের দায়িত্ব দিয়েছিলেন তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
১৯৬১ সালে ফ্রান্সে গিয়ে উচ্চতর ডিগ্রি নেন মনিরুজ্জামান। পাঁচ বছর পর দেশে ফিরে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিরকুমার মনিরুজ্জামান মিঞার মরদেহ সোমবার হাসপাতালের হিমঘরে রাখা হবে। মঙ্গলবার বনানীতে বাবার কবরে তাকে দাফন করা হবে।

Comments are closed.