সিটিনিউজবিডি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী পরিবহনের জন্য নানা আয়োজনের কথা বলছে বাংলাদেশ রেলওয়ে। ১৭০টি পুরনো কোচ এর সাথে এবারের ১৬টি নতুন কোচ চালু করা হবে বলে জানা যায় রেলওয়ে।
ঈদ উপলক্ষে যাত্রী চাহিদা পূরণের লক্ষ্যে ১৭০টি যাত্রীবাহী কোচ মেরামত করা হয়েছে। এগুলো ঈদের আগ মুহূর্তে ওয়ার্কশপ থেকে বের করে ঈদ সার্ভিসে যুক্ত করা হবে বলে জানিয়েছেন রেলের মহাপরিচালক আমজাদ হোসেন। তিনি জানান, ঈদুল ফিতর উপলক্ষে স্পেশাল ট্রেন চলাচল শুরুর আগেই পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ৮৬টি মিটারগেজ এবং সৈয়দপুর থেকে ৮৪টি ব্রডগেজ কোচ সরবরাহ করা হবে।
রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম রুটে সুবর্ণের মতো নতুন একটি নন-স্টপ আন্তঃনগর ট্রেন চালু করা হবে আগামী ২৫ জুন থেকে। এ ট্রেনের নামকরণের জন্য কয়েকটি নামের প্রস্তাব করা হয়েছে। সেগুলো হচ্ছে- ‘২য় সুবর্ণ এক্সপ্রেস’, ‘স্বাধীনতা এক্সপ্রেস’, ‘বঙ্গবন্ধু এক্সপ্রেস’, ‘সাগর এক্সপ্রেস’, ‘বে-এক্সপ্রেস’, ‘রাজধানী এক্সপ্রেস’, ‘ক্যাপিটাল এক্সপ্রেস’ অথবা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নাম। এতে মোট ১৬টি নতুন কোচ থাকবে।
টিকিট বিক্রি বাড়ানো, টিকিট না পাওয়া যাত্রীদের বিকল্প যানবাহন প্রাপ্তির সুবিধার্থে এবং বাস-লঞ্চ-ঈদের টিকিট বিক্রির সঙ্গে সামঞ্জস্য রেখে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে রেলওয়ের পক্ষ থেকে। আন্তঃনগর ও ঈদ স্পেশাল ট্রেনের ঈদের আগের ৫ দিনের ভ্রমণের টিকিট ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে যাত্রা শুরুর ১০ দিন আগে সকাল ৮টা থেকে স্টেশন কাউন্টারে বিক্রি করা হবে।
তবে মোবাইল, ইন্টারনেটের মাধ্যমে টিকিট বিক্রির সময়সূচি সকাল ৯টা থেকে চালু থাকবে। ঢাকা-চট্টগ্রাম স্টেশন থেকে ঈদ পূর্ব অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২২ জুন থেকে, চলবে ২৬ জুন পর্যন্ত। এ টিকিটে পর্যায়ক্রমে ভ্রমণ করা যাবে ১ থেকে ৫ জুলাই পর্যন্ত। কর্মস্থলমুখী বা ফেরত যাত্রীদের ভ্রমণের টিকিট পশ্চিমাঞ্চলের রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে কর্মকর্তাদের তত্ত্বাবধানে বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে।
এয়ার কন্ডিশন্ড গাড়িগুলোর এসি পদ্ধতি সচল রাখার পদক্ষেপ গ্রহণ করা হবে এবং পাওয়ার কারগুলো যেন পথের মধ্যে অচল না হয়ে পড়ে, সে লক্ষ্যে পূর্ব সতর্কতা অবলম্বন করা হবে। শেষ পর্যন্ত অকেজো হয়ে পড়লে সঙ্গে সঙ্গে প্রতিস্থাপনের ব্যবস্থা করা হবে।
ঈদে বিশেষ ব্যবস্থা প্রসঙ্গে রেল মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন) শশী কুমার সিংহ বলেন, ঈদে যাত্রীদের সুবিধার্থে বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন কৌশল ঠিক করেছি। এবার নতুন একটি ট্রেন উদ্বোধন করা হবে। প্রকল্পের আওতায় কিছু কোচ ওয়ার্কশপে মেরামত করা হচ্ছে। ঈদের আগে এগুলো ওয়ার্কশপ থেকে বের করা হবে। বাড়তি যাত্রী চাহিদার কথা বিবেচনা করেই কোচগুলো মেরামত করা হয়েছে।

Comments are closed.