ঢাকা : পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে বিআইডব্লিউটিসি এর বিশেষ স্টিমার ও ফেরি সার্ভিস শুরু হচ্ছে। এ সার্ভিস আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে। প্রয়োজনে এ সার্ভিস বর্ধিত করা হবে। আজ (২৯জুন) বুধবার সকালে বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম মিশা এ তথ্য নিশ্চিত করেছেন।
বিআইডব্লিউটিসির নিয়মিত সার্ভিস এর পাশাপাশি ঢাকা-চাঁদপুর- বরিশাল-খুলনা নৌ রুটে অত্যাধুনিক বিলাসবহুল যাত্রাবাহী জাহাজ এমভি বাঙালি ও এমভি মধুমতি রয়েছে। এছাড়াও এ সার্ভিসে রয়েছে দেশের ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার পিএস অস্ট্রিস, পিএস লেপসা, পিএস টার্ন ও পিএস মাসুদ। মূল ভূখণ্ড থেকে উপকুলীয় দ্বীপ ও দ্বীপ জেলাসমূহে জাহাজ ও সি-ট্রাক দ্বারা বিশেষ সার্ভিসও পরিচালনা করা হবে এ সার্ভিসের আওতায়।
নজরুল ইসলাম মিশা বলেন, চট্টগ্রাম-সন্দ্বীপ- হাতিয়া-বরিশাল রুটে আগামী ২ জুলাই শনিবার থেকে আগামী ৯ জুলাই শনিবার পর্যন্ত প্রতিদিন নিয়মিত ট্রিপসহ অতিরিক্ত আরও বিশেষ ট্রিপ পরিচালনা করা হবে।
অপরদিকে পাটুরিয়া-দৌলতদিয়া, শিশুলিয়া-কাঁঠালবাড়ি, শিমুলিয়া-চরজানাজাত, শিমুলিয়া-মঙ্গলমাঝি, চাঁদপুর-শযিরয়তপুর, ভেদুরিয়া-লাহারহাট ও মতলব-গজারিয়া ফেরি সেক্টরে যাত্রী ও যানবাহন পারাপার নিয়মিত ট্রিপের পাশাপাশি ফেরিসমূহ অতিরিক্ত ট্রিব দেবে।

Comments are closed.