বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বৈঠকে সরকার

ঢাকা : জঙ্গিবাদ বিষয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও মালিকদের সঙ্গে মতবিনিময় সভা করছে সরকার। আজ (১৭ জুলাই) রোববার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এ সভা শুরু হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আর সভাপতিত্ব করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মালিক ও উপাচার্য, পুলিশের মহাপরিদর্শকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত আছেন।

উল্লেখ্য, এই সভার মাত্র কয়েক ঘন্টা আগে গতকাল সন্ধ্যায় গুলশানের আর্টিসান রেস্তোরাঁয় হামলাকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপ-উপাচার্য গিয়াস উদ্দিন আহসানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্প্রতি গুলশানের হলি আর্টিজান বেকারি ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলায় বেসরকারি নর্থ সাউথসহ বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জড়িত থাকার পরিপ্রেক্ষিতে সচেতনতামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়। বর্তমানে দেশে ৯৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সরকারি অনুমোদন রয়েছে। এরমধ্যে ৮০টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া উচ্চবিত্ত পরিবারের ছেলেরাও সাম্প্রতিক সময়ে বাড়ি পালিয়ে জঙ্গিবাদে ঝুঁকছে বলে তথ্য আসায় উদ্বেগ তৈরি হয়েছে সরকার ও অভিভাবক মহলে।

গত বছর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত দল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে নিষিদ্ধ সংগঠনর হিজবুত তাহরীরের বইপত্র পায়। জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কয়েকজন শিক্ষক-শিক্ষার্থীকে ওই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারও করা হয় বলে গণমাধ্যমের খবর।

এ বিভাগের আরও খবর

Comments are closed.