খেলাধুলা : প্রিমিয়ার লিগ ও ঈদের ছুটি কাটিয়ে আজ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ইনডোরে বৃহস্পতিবার (২১ জুলাই) থেকে অ্যাকশন শুধরানোর জন্য অনুশীলন শুরু করেন বাংলাদেশ দলের এই পেসার। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই বিসিবির স্থানীয় কোচ মাহবুব আলী জাকির তত্ত্বাবধানে শুরু হয়েছিল তাসকিনের ফেরার লড়াই। আইসিসির অনুমোদিত কোনো ল্যাবে অ্যাকশন পরীক্ষা দেয়ার জন্য অনেকটাই প্রস্তুত টাইগার এই পেসার। খুব শিগগিরই ল্যাবে পরীক্ষা দিয়ে ইংল্যান্ড সিরিজের আগে বৈধতা পেতে চান তাসকিন।
তাসকিন বলেন, খুব দ্রুতই পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারবো, ইনশাআল্লাহ। ইংল্যান্ড সিরিজের আগে ফিরতে পারবেন কিনা-এমন প্রশ্নের জবাবে তাসকিন জানান, আমি আশা করি পারব। সেভাবেই চেষ্টা করবো। চাইনা ইংল্যান্ড সিরিজ মিস হোক। অনেক কঠিন পরিশ্রম করছি যাতে ইংল্যান্ড সিরিজের আগেই পরীক্ষা দিয়ে আসতে পারি। আন্তর্জাতিক ম্যাচে খেলার অনুমতি পাই, যেন আবার সব ধরনের খেলায় ফিরতে পারি।
জানা গেছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই বোলিং পরীক্ষা দেবেন তাসকিন। যদিও এ সিদ্ধান্তের ব্যাপারটি বিসিবির কাছে ছেড়ে দিতে চান এই পেসার। এটা নির্ভর করছে আমার উন্নতির উপর। কোচরা যখন মনে করবেন, বিসিবি যখন মনে করবে, সবকিছু যখন ভালো থাকবে ইনশাল্লাহ তখনই যাবো। এটুকু জানিয়ে রাখি আর আমার আত্মবিশ্বাস বাড়ছে।
তাসকিনের পেস ধরে রেখেই কোচ মাহবুব আলী জাকির তার ট্রেনিং সেশন ডিজাইন করেছেন। এ প্রসঙ্গে তিনি জানান, তাসকিন হচ্ছে অল এবাউট পেস। বিশ্বের সবচেয়ে কনিষ্ঠতম পেস বোলার। অন্য দশটা দেশের দিকে তাকিয়ে দেখেন, ওই হচ্ছে সবচেয়ে কমবয়সী ফাস্ট বোলার। এই বয়সে ওর কাছে আর কেউ নেই। তাসকিনের মূলশক্তি হচ্ছে পেস। যদি তাসকিনকে ঠিক করতে গিয়ে পেস কমিয়ে ফেলা হয়, তাহলে তাসকিন আর তাসকিন থাকবে না। তাহলে তাকে আর কেউ কেয়ার করবে না। আমার ফাস্ট ফোকাস ছিল তার পেস, তারপর অন্যকিছু। এটার উপরই আমি আমার ডিজাইন করেছি।
এ বছরের মার্চে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হন তাসকিন আহমেদ ও বাঁহাতি স্পিনার আরাফাত সানি। আরফাত সানি অ্যাকশন শুধরানোর কাজ শুরু করেছিলেন জাতীয় দলের স্পিন কোচ রুয়ান কালপাগের অধীনে। ছুটি কাটিয়ে এখনো দেশে ফেরেননি এই শ্রীলঙ্কান।

Comments are closed.