তথ্য ও প্রযুক্তি : বাংলাদেশ বিপিও খাত ভিশন-২০২১ এর লক্ষ্যমাত্রা অর্জনে আইসিটি উপার্জনের প্রধান খাত হবে। ৩৫ হাজার কর্মীর বাজার এক সময় লাখ মানুষের কর্মক্ষেত্রে পরিণত হবে। ১৮ কোটি ডলারের বাজার হবে ১ বিলিয়ন ডলারের। আজ (২৮ জুলাই) বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত দ্বিতীয় বিপিও সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বক্তব্যে বলেন, বর্তমানে বিপিও খাত থেকে আমরা ১৮ কোটি ডলার আয় করছি। ২০২১ সালের মধ্যে আইসিটি খাত থেকে ৫ বিলিয়ন ডলার আয়ের যে লক্ষ্যমাত্রা নিয়ে সরকার কাজ করছে, তার মধ্যে শুধু বিপিও খাত থেকেই ১ বিলিয়ন ডলার আয় করার ব্যাপারে আমরা আশাবাদী।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ইমরান আহমেদ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্য) সভাপতি আহমাদুল হক।
সম্মেলনের শীর্ষক সেমিনারসহ দুই দিনে মোট ১২টি সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। সমাপনী দিনে দেশের বিপিও খাতের সফল উদ্যোক্তাকে পুরস্কৃত করা হবে। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) অধীনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতর এবং বাক্যের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী এই সামিট অনুষ্ঠিত হচ্ছে।

Comments are closed.