গোলাম মাওলা রনির বিরুদ্ধে অভিযোগ গঠন

ঢাকা : সাংবাদিক মারধরের ঘটনায় আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ঢাকার মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী বৃহস্পতিবার অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ২০ অক্টোবর দিন ঠিক করে দেন।

আসামি রনির পক্ষে এ মামলা থেকে অব্যাহতির আবেদন করা হলেও তা নাকচ করেন বিচারক। রনির পক্ষে শুনানি করেন আইনজীবী কবির হোসেন; রাষ্ট্রপক্ষে ছিলেন তাছলিমা ইয়াসমিন দীপা।

২০১৩ সালের ২০ জুলাই পটুয়াখালীর তখনকার এমপি গোলাম মাওলা রনি ঢাকার তোপখানা রোডের মেহেরাব প্লাজায় নিজের অফিসে ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক ইমতিয়াজ সনি ও চিত্রগাহক মহসিন মুকুলকে মারধর করে আটকে রাখেন বলে এ মামলার অভিযোগ।

ইনডিপেনডেন্ট টেলিভিশনের সহকারী ব্যবস্থাপক ইউনুস আলী ওইদিনই শাহবাগ থানায় রনির বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

শাহবাগ থানার এসআই আবু জাফর ২০১৪ সালের ২৬ জুন রনির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে একটি রিভিশন মামলার কারণে এত দিন মামলাটির কার্যক্রম স্থগিত ছিল।

এ বিভাগের আরও খবর

Comments are closed.