অনলাইন ডেস্ক : বাংলাশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলা নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে সরকার। আজ (৩০ জুলাই) শনিবার রাজধানীর মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিপ্তরের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ কামাল।
তিনি জানান, যেসব নদীর পানি বেড়েছিল, সেগুলো দু’একদিনের মধ্যে কমে আসতে শুরু করবে। তবে এই পানি বঙ্গোপসাগরে যাওয়ার সময় রাজবাড়ী, ফরিদুপর, মাদারীপুর, চাঁদপুর, শরীয়তপুর, বরিশাল জেলার প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বন্যায় এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রংপুরে একজন, কুড়িগ্রামে দুইজন, গাইবান্ধায় চারজন এবং জামালপুরে সাতজন রয়েছে। এছাড়া ২৯ জুলাই পর্যন্ত বন্যায় তিন লাখ ৯৩ হাজার ৪৯৬টি পরিবার, আর ১৪ লাখ ৭৫ হাজার ৬১৫ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। নয় হাজার ৩১৪টি ঘর-বাড়ি সম্পূর্ণ এবং ১২ হাজার ৩৭১টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বন্যা দুর্গত এলাকায় ত্রাণের অভাব নেই। ৫ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত দুর্গত এলাকায় ১৩ হাজার মেট্রিক টন চাল দেয়া হয়েছে। এছাড়া সাড়ে পাঁচ কোটি নগদ টাকাও ছাড় করা হয়েছে।
প্রসঙ্গত, দেশের ১৬টি জেলার ৫৯টি উপজেলা এখন বন্যাকবলিত।

Comments are closed.