খেলাধুলা : রিও অলিম্পিকে স্বাগতিক ব্রাজিলে হয়ে একটি গোলও করতে পারেননি নেইমাররা। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ইরাকের বিপক্ষেও সেলেসাওদের স্কোরলাইন থেকে গেছে অভিন্ন। গোলশূন্য ড্র। সবমিলিয়ে সমর্থকদের হতাশ করে মাঠ ছাড়তে হয়েছে নেইমার, গ্যাব্রিয়েলদের। ফুটবলে প্রথমবারের মতো স্বর্ণ জয় তো দূরের কথা, টানা দুটি ড্রয়ের পর গ্রুপ পর্ব থেকেই বিদায়ের আশঙ্কা ভর করেছে ব্রাজিল শিবিরে।
ডেনমার্ক ‘এ’ গ্রুপের দুই ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। দুটি করে পয়েন্ট দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা ব্রাজিল ও ইরাকের ঘরে জমা হয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলকে খেলতে হবে ডেনমার্কের বিপক্ষে। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইরাক খেলবে। শেষ ম্যাচে ডেনমার্ককে হারাতে পারলেও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে পারবে না ব্রাজিল। অপর ম্যাচে ইরাক যদি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে জিতে যায়, তাহলে ইরাকই পেয়ে যাবে শেষ আটের টিকেট। ফলে জয়ের সঙ্গে সঙ্গে ইরাকের হার বা ড্রয়ের প্রার্থনাও করতে হবে ব্রাজিলের সমর্থকদের।
