মোঃ সাইফুল,রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়ির উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রশ্নপত্রে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ের প্রশ্নপত্রে ইচ্ছেকৃতভাবে এই বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রকাশ চাকমা উক্ত প্রশ্নপত্রের ছবি পোস্ট করে দাবি করেন সুপরিকল্পিতভাবে এই প্রশ্ন তৈরি করে কোমলমতি শিক্ষার্থীদের বিকৃত ইতিহাস শেখানোর অপচেষ্টা করা হচ্ছে। তিনি এই ধরনের ভুল কোনো ক্রমেই ভুল বশতঃ হতে পারেনা বলেও দাবি করেন।
উক্ত ফেইসবুক স্ট্যাটাসের নীচে অনেকেই এটাকে ইচ্ছাকৃত ভুল বলেও দাবি করে এর সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।
রোববার উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রশ্নপত্রের ৪১নং নৈর্ব্যত্তিক প্রশ্নে এই প্রশ্নটি করা হয়। সেখানে ‘স্বাধীনতা যুদ্ধে অবিসংবাদিত নেতা হিসেবে কোন নামটি যথার্থ? আর সঠিক উত্তরের জন্য দেয়া হয় ক) জিয়াউর রহমান খ) জেনারেল ভুট্টো গ) ইশতিয়াক আহম্মেদ ঘ) মুহাম্মদ আলী জিন্নাহ।
এই ব্যাপারে জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ সাইফুল আলম রাশেদ জানান, এটি নিঃসন্দেহে উদ্বোত্যপূর্ণ। এটি ক্ষমার অযোগ্য অপরাধ। এর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া জরুরী। এই ব্যাপারে জানতে বাঘাইছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল করিমের মুঠোফোনে একাধিকবার ফোন এবং খুদে বার্তা(এসএমএস) পাঠানোর পরেও তার কোনো সাড়া মিলেনি।
বিষয়টি নিয়ে ক্ষোভ জানান জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রবার্ট রোনাল্ড পিন্টু। তিনি জানান, একটি নাম ছাড়া আর সবটিইতো পাকিস্তানের নেতাদের নাম। এটি নিঃসন্দেহে ইতিহাস বিকৃতির নমুনা। আর যিনি এটার সাথে জড়িত সে পাকিস্তানপন্থি তাও স্পষ্ট বুঝা যাচ্ছে। যে বা যারা এটার সাথে জড়িত তাদের বিরুদ্ধে শীঘ্রই আইনগত ব্যবস্থা নেয়া দরকার।
আর দ্রুত এদের আইনের আওতায় এনে শাস্তির দাবিও জানান কমান্ডার। যিনি এই প্রশ্নটি প্রনয়ন করেছেন তিনি কোনো দিন বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষন শুনেছেন কিনা সেই বিষয়েও সংশয় প্রকাশ করেন তিনি।
এই বিষয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন জানান, বিষয়টি অবশ্যই মারাত্মক। আমি দেখছি। যে বা যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
