সিটিনিউজবিডি : বিএনপির নতুন কমিটির নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে সোমবার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাবেন চেয়ারপারসন খালেদা জিয়া। শুক্রবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে শেরে বাংলা নগরে জিয়ার কবরে শ্রদ্ধা জানানোর পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সিদ্ধান্তের কথা জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বৃহস্পতিবার নতুন স্থায়ী কমিটির প্রথম বৈঠক হয়।সভায় দলের গঠনতন্ত্র সংশোধনের কয়েকটি বিধান গৃহিত হয়েছে এবং সেটা অবিলম্বে গঠনতন্ত্রে সন্নিবেশিত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। একইসঙ্গে বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে এবং এটা আলোচিত হয়েছে যে, দেশে এখন গণতন্ত্রহীনতা চলছে। কোনো মানুষের কোনো নিরাপত্তা নেই। রাষ্ট্র তার সমস্ত যন্ত্র ব্যবহার করে শুধু ভিন্নমতকে নয়, সাধারণ মানুষের ওপরও নির্যাতন চালাচ্ছে।
গত ৬ আগস্ট ১৯ সদস্যের স্থায়ী কমিটিতে ১৭ জনের নাম ও ৫০২ সদস্যের পূর্ণাঙ্গ জাতীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এছাড়া ৭৩ সদস্যের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলও পুনর্গঠন করা হয়।
গত ১৯ মার্চ ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন প্রাঙ্গণে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে চেয়ারপারসন খালেদা জিয়াকে স্থায়ী কমিটি, জাতীয় নির্বাহী কমিটি গঠনের সর্বময় ক্ষমতা দেওয়া হয়। এর চার মাসের বেশি সময় পর দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
