কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনায় ট্রলার ডুবে নিখোঁজ মাঝি-মাল্লার মধ্যে ছয় জনের লাশ পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও একজন। রোববার সন্ধ্যায় নাজিরার টেক এলাকা থেকে স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করে বলে সদর থানার এসআই মো. আব্দুর রহিম জানান।
এরা হলেন, খুরুশকূল ইউনিয়নের দক্ষিণ রাস্তার পাড়ার আকতার আহমদের ছেলে মোহাম্মদ তারেক (৩০), কাউয়ার পাড়ার মোহাম্মদ ইসহাকের ছেলে রহমত উল্লাহ (২৬)মুফিজুর রহমানের ছেলে আবুল হোসেন (৩৫) এবং খুরুশকূল ডেইল পাড়ার জাফর আলম (২৬), কবির হোসেন (৩৫) ও নুরুল কবির (২৮)
নিখোঁজ রয়েছেন নিহত রহমত উল্লাহর ভাই আহমদ কবির। নিহত আবুল হোসেন ডুবে যাওয়া ট্রলারটি মালিক ইউনিয়নের কাউয়ারপাড়া এলাকার আবু তাহেরের ছোট ভাই। তবে মাঝি-মাল্লাদের সবার বাড়ি খুরুশকূল ইউনিয়নের বিভিন্ন এলাকায় বলে জানিয়েছেন ওই ইউনিয়ন পরিষদের সদস্য জানে আলম জনি।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই রহিম বলেন, রোববার ভোররাতে সাত মাঝি-মাল্লা আবু তাহেরের ট্রলার নিয়ে সাগরে মাছ ধরার উদ্দেশে বের হয়। ট্রলারটি বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেকে ডুবে যায়। স্থানীয়রা নাজিরারটেকের বিভিন্ন পয়েন্ট থেকে ছয় জনের লাশ উদ্ধার করেছে। তবে একজন এখনও নিখোঁজ রয়েছেন।মাঝি-মাল্লার লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, নিহত প্রত্যেকের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে ১৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।
