খেলাধুলা : ওয়ানডে সিরিজে ম্যাথিউজ বাহিনীকে তেমন পাত্তাই দিচ্ছে না অস্ট্রেলিয়া। বুধবার শ্রীলংকাকে চতুর্থ ওয়ানডেতে ৬ উইকেটে হারিয়ে ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে দারুনভাবে ঘুরে দাঁড়ানো সফরকারীরা।
এদিন ডাম্বুলায় টস জিতে আগে ব্যাট করতে নেমে অজি পেসার হেস্টিংসের তোপে পড়ে দলীয় ১ রানেই উইকেট হারায় স্বাগতিকরা। এরপর ১৮ রানে দ্বিতীয় এবং ৩১ রানে তৃতীয় বিপর্জয়ে পড়ে ম্যাথিউজের দল। তবে চতুর্থ উইকেটে দলপতি ম্যাথিউজ ও ওপেনার হিসেবে নামা ধনঞ্জয়া মিলে ৮৪ রানের জুটি গড়লে বিপদ কিছুটা কাটিয়ে ওঠে দলটি। কিন্তু দলীয় ১১৫ রানে ম্যাথিউজ ব্যথা পেয়ে মাঠ ছাড়লে আবারো ছন্দ পতন ঘটে লঙ্কান শিবিরে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ২১২ রান তুলতে সক্ষম হয় লংকা। দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করেন ওপেনার ধনজয়া ডি সিলভা।
অজি পেসার হ্যাস্টিংস এদিন একাই ৬ উইকেট তুলে নিয়ে ধ্বস নামান লঙ্কান শিবিরে। এছাড়া স্টার্ক, বোল্যান্ড, জাম্পা ও হেড ১টি করে উইকেট পেয়েছেন।
জবাবে ২১৩ রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ফিঞ্চের দ্বিতীয় দ্রুততম ফিফটি আর বেইলির অনবদ্য ব্যাটিংয়ে চার উইকেট হারিয়ে ১১৪ বল হাতে রেখেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ফিঞ্চ এদিন মাত্র ১৮ বলে ফিফটি হাঁকান তিনটি বিশাল ছক্কা ও আটটি চারের সাহায্যে। আউট হন ৫৫ রান করে। অন্যদিকে জর্জ বেইলি ৮৫ বলে অনবদ্য ৯০ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। এছাড়া ট্রাভিস হেড ৪০ রান করে আউট হন। লঙ্কান বোলারদের মধ্যে এদিন সবচেয়ে সফল বোলার ছিলেন বাঁহাতি স্পিনার সচিথ পাথিরানা। একাই তিনটি উইকেট দখল করেন তিনি। আর বাকি উইকেটটি পেয়েছেন আরেক স্পিনার দিলরুয়ান পেরেরা।
এদিকে বড় এই জয়ের ফলে এক ম্যাচ বাকি থাকতেই লংকাকে ডুবিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ৩-১ ব্যবধানে ইতিমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে ওয়ার্নার বাহিনী। দুই দলের পঞ্চম তথা শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে পাল্লেকেলেতে ৪ সেপ্টেম্বর রোববার।
