ঈদের আগে পাওনা পরিশোধের দাবি পোশাক শ্রমিকদের

0

সিটিনিউজবিডি : ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের সব পাওনা পরিশোধের দাবি জানিয়েছেন শ্রমিক নেতা ও কারখানার কর্মীরা।

গত শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ দাবি জানান তারা।
সমাবেশে কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ বলেন, ঈদের আগে অর্থাৎ এ সপ্তাহের মধ্যে সব শ্রমিকের বোনাস পরিশোধ করে দিতে হবে। এক্ষেত্রে অন্যান্য প্রতিষ্ঠানের মতো মূল বেতনের সমপরিমাণ বোনাস দেওয়ার দাবি আমরা করছি। প্রতিবার ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে যে ধরনের টালবাহানা করা হয় সেটা আমরা মেনে নেব না।

সমাবেশে শতাধিক পোশাক শ্রমিক তাদের দাবি সম্বলিত বিভিন্ন ধরনের ব্যানার-ফেস্টুন প্রদর্শন করেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পুরানা পল্টনে গিয়ে শেষ হয়।

সমাবেশে কেন্দ্রের কার্যকরী সভাপতি সাদেকুর রহমান শামীম বলেন, আপনারা যদি শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে কোনো ধরনের লুকোচুরি করেন তাহলে আপনাদেরকে ২০০৬ সাল এবং ২০১০ সালের শ্রমিক আন্দোলনের ব্যাপারে স্মৃতিচারণ করতে বলব। সেটা করলে দেখবেন, আমরা শ্রমিকরা যখন রাস্তায় নেমেছি তখন আমরা দাবি আদায় না করে ফিরব না।
তিনি বলেন, ‍এই সপ্তাহের মধ্যে পাওনা না দিলে আমরা প্রেস ক্লাবের সামনে আবার জড়ো হবো বৃহত্তর সমাবেশ নিয়ে। তখন পরিস্থিতি কী হবে, আগের ঘটনা থেকে স্মরণ করুন। সেসময় কোনো ধরনের দোহাই দিয়ে আপনারা মুক্তি পাবেন না।

বক্তব্যে বেতন-বোনাস না দিয়ে গাজীপুরের সাদাত অ্যাপারেলস, শ্যামপুরের ফিনকলি গার্মেন্টস এবং চট্টগ্রামের গোল্ডস ফ্যাশনস বন্ধের প্রক্রিয়া শুরুর প্রতিবাদ জানান জানান শামীম।

সমাবেশে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, আমাদের শ্রমে অর্জিত টাকায় আপনারা মালেয়শিয়া, কানাডা, আমেরিকায় ঈদ শপিং করতে যাবেন, আর আমরা বেতন-বোনাস পাব না, তা কোনোভাবে হতে দেব না। আমাদের টাকায় আপনারা পরিবারের সব সদস্য একটি করে গাড়ি চড়বেন, আর আমাদের বেতন দেওয়ার ক্ষেত্রে টালবাহানা করবেন, সেটা আমরা মেনে নেব না।
এ সময় অন্যদের মধ্যে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহসভাপতি মাহবুব আলী, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহসভাপতি জিয়াউল কবির খোকন, সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন, দপ্তর সম্পাদক এম এ শাহীন বক্তব্য দেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.