খেলাধুলা : সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় শ্রীলঙ্কান ক্রিকেটার নুয়ান কুলাসেকারাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে কুলাসেকারা ক্যান্ডি থেকে কলম্বো ফিরছিলেন। নিজেই চালাচ্ছিলেন গাড়ী। মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন। এই ঘটনায় কুলাসেকারাকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হবে।
এদিকে নিহত মোটরসাইকেল আরোহীকে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তবে সোমবার সন্ধ্যার পর জামিনে মুক্ত হয়েছেন কুলাসেকারা। পুলিশ জানিয়েছে দুর্ঘটনা ঘটার ক্ষেত্রে কুলাসেকারা দোষী ছিলেন না। সে কারণেই তাকে জামিন দেওয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন নুয়ান কুলাসেকারা। বর্তমানে তিনি ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট খেলছেন।
