অনলাইন ডেক্স : অভিন্ন নদীর পানির সমবণ্টনের ওপর গুরুত্ব দিয়ে পানিকে উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনায় নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে পানি বিষয়ক উচ্চ পর্যায়ের এক প্যানেল সভায় (এইচএলপিডব্লিউ) প্রধানমন্ত্রী এ বক্তব্য দেন বলে তার প্রেস সচিব ইহসানুল করিম জানান।
প্রধানমন্ত্রী বলেন, পানি বিষয়ক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় অভিন্ন নদীর পানির সমবণ্টনের পাশাপাশি নদী ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপ এবং পানিনির্ভর প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।
নিরাপদ খাবার পানি ও পয়ঃব্যবস্থা প্রতিষ্ঠায় বাংলাদেশ বৈশ্বিক স্বীকৃতি পেয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশে এখন মোট জনসংখ্যার ৯৮ শতাংশই নিরাপদ পানি পান করছে এবং ৬৫ ভাগ মানুষ নিরাপদ স্যানিটেশনের সুবিধা পাচ্ছে।
টেকসই উন্নয়নের সঙ্গে পানির আন্তঃসম্পর্কের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী এক্ষেত্রে ‘কিছু বাধা’ রয়েছে বলে জানান। এসব বাধা দূর করতে এখনই আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন বলে মত দেন তিনি।
বর্তমানে মোট ব্যবহারযোগ্য পানির ৭০ শতাংশ কৃষিতে ব্যয় হয় জানিয়ে শেখ হাসিনা কম পানিতে উৎপাদনযোগ্য শস্যের চাষ বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
পানির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে এ সম্পর্কিত অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সমন্বিতভাবে একটি আন্তর্জাতিক তহবিল গড়ে তোলার আহ্বান জানান।
বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা জানান, পানির অধিকার নিশ্চিত করতে কিছু পরিকল্পনা বাস্তবায়ন এবং নয়টি চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বনেতাদের আহ্বান জানিয়েছেন বৈঠকের প্যানেল সদস্যরা।
তারা বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপধান এবং নেতাদের বলেছেন, পানিকে যেন তাদের চিন্তাভাবনা, পরিকল্পনা ও কাজের কেন্দ্রবিন্দুতে রাখা হয়।
প্যানেল সদস্যরা সবার জন্য পানির অধিকার এবং নিরাপদ খাবার পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন বলেও জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।
তিনি মনে করিয়ে দেন, পানির সহজ প্রাপ্তি এবং কার্যকর ব্যবহার নিশ্চিত করতে নতুন নতুন অবকাঠামোয় প্রচুর বিনিয়োগ করতে হবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।
