খেলাধুলা : আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচের তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভারেই অ্যাঙ্কেলে চোট পান মাশরাফি। ঠিক ওই সময়টায় যেন থমকে দাঁড়িয়েছিল স্বয়ং সময় নিজেও। গোটা মাঠজুড়ে পিনপতন নীরবতা। মাশরাফির চোটের অতীত ইতিহাসের কারণেই সবাইকে ঘিরে ধরে শঙ্কা। শেষ পর্যন্ত অবশ্য মাঠেই চিকিৎসা নেয়ার পর ওভার শেষ করেন টাইগার এই অধিনায়ক।
এদিকে সফরকারী আফগানদের বিপক্ষে নিজেদের শততম জয়ে সিরিজ জেতার পর পুরস্কার বিতরণী শেষে দলীয় অধিনায়ক মাশরাফি যখন সংবাদ সম্মেলন কক্ষে আসছিলেন, তখন হাঁটছিলেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। বেরিয়ে যাওয়ার সময়ও একই অবস্থা। তবে দেশ সেরা এই টাইগার অধিনায়ক শোনালেন আশার কথা। যদিও খানিকটা শঙ্কা থেকেই যাচ্ছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি জানালেন, “সকাল থেকেই আজকে কেমন যেন লাগছিল ইনজুরি নিয়ে…যাইহোক, একটু ফোলা আছে। যে ব্যথাটি আছে, আশা করি ঠিক হয়ে যাবে।”
ক্যারিয়ারের শুরু থেকেই মূলত চোটের সঙ্গে বসবাস মাশরাফির। তবে অধিনায়কত্ব পাওয়ার পর গত প্রায় দু’বছরে তেমন কোনো চোট পাননি অধিনায়ক। তাই এবার তো কিছুটা হলেও শঙ্কা থেকেই যাচ্ছে।
