‘ডট বাংলা’ ডোমেইনের কার্যক্রম শুরু ডিসেম্বর

0

তথ্য ও প্রযুক্তি : আগামী ১৬ ডিসেম্বর থেকে গ্রাহক পর্যায়ে ডট বাংলা ডোমেইনের নিবন্ধন শুরু হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। মঙ্গলবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ডট বাংলা ডোমেইন চালুর ফলে এখন থেকে বাংলা ভাষায় ওয়েব ঠিকানা দেয়া যাবে। এটি চালু হলে সাইবার ওয়ার্ল্ডে বাংলা ভাষার প্রচলন শুরু হবে। এ বিষয়ে নীতিমালা, সার্ভিস চার্জ এবং জনবল চূড়ান্ত করা হবে। আর এই জন্য সার্ভার তৈরি হচ্ছে, অটোমেশন চলছে। ডিসেম্বর মাসের মধ্যেই সবকিছু চূড়ান্ত হবে।

বাংলা ডোমেইন পেতে বাংলাদেশের পাশাপাশি ভারত সরকারের মাধ্যমে পশ্চিমবঙ্গ এবং সিয়েরা লিওনও আবেদন করেছিল। সব কিছু বিবেচনা করে ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বার অথরিটি (আইএএনএ), আইসিএএনএন এবং যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব কমার্স ডোমেইন বরাদ্দের সব প্রক্রিয়া সম্পন্ন করে গত ৪ অক্টোবর ডট বাংলা ডোমেইন বাংলাদেশকে বরাদ্দ দেয়।

বাংলাদেশের জন্য আইসিএএনএনের স্বীকৃত দুটি ডোমেইনের একটি হলো ডট বাংলা ও আরেকটি হলো ডট বিডি। কোনো একটি রাষ্ট্রের জাতীয় পরিচয়ের স্বীকৃতি হিসেবে কাজ করে এই ডোমেইন। ‘ডট বাংলা’ বাংলাদেশের দ্বিতীয় কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন (সিসি-টিএলডি)। এই ডোমেইন বাংলা ভাষায় ওয়েব ঠিকানার জন্য বোঝানো হয়।

বর্তমানে বিটিসিএলের হিসাবে ডট বিডির সক্রিয় নিবন্ধন সংখ্যা ৩৬ হাজার ৫০০।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.