খেলাধুলা : তৃতীয় দিনের শুরুটা ভালো হল না বাংলাদেশের। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমেই দ্বিতীয় বলে আউট হয়ে সাজঘরে ফিরলেন সাকিব। ফলে আগের দিনের ২২১ রানেই ৬ উইকেট হারালো বাংলাদেশ। প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ২৯৩ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে টাইগারদের দলীয় সংগ্রহ দাঁড়ায় ৭৪ ওভারে পাঁচ উইকেটে ২২১ রান।
এর আগে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনটাও খারাপ কাটেনি বাংলাদেশের। তবে দিন শেষে একটাই আফসোস, প্রতি সেশনের একেবারে শেষে উইকেট পতন। বিশেষ করে দারুণ ব্যাটিং করতে থাকা মুশফিকের শেষ সেশনে বিদায়টা ছিল স্বাগতিকদের জন্য দুঃখজনক।
এর আগে চা বিরতির খানিক আগে আউট হয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আর মধ্যাহ্ন বিরতির ঠিক আগেই এক ওভারে মধ্যে ফিরেছেন ইমরুল ও মুমিনুল। আক্ষেপ থাকলেও সব মিলিয়ে দ্বিতীয় দিনটি ছিল বাংলাদেশেরই। ৫ উইকেটে ২২১ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে মুশফিকরা।
