আবুল হোসেন বিজিবির নতুন মহাপরিচালক

0

সিটিনিউজবিডি : রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল আবুল হোসেনকে সীমান্তরক্ষী বাহিনীর দায়িত্ব দিয়েছে সরকার।

বাংলাদেশ সেনাবাহিনীর ১৯৮১ ব‌্যাচের এই কর্মকর্তা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক পদে মেজর জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন।

পিলখানায় বিডিআর বিদ্রোহের ভয়াবহতা পেরিয়ে সীমান্তরক্ষা বাহিনীর নাম ও পোশাক বদলে যাওয়ার পর ২০১২ সালে এ বাহিনীর দায়িত্ব নিয়েছিলেন জেনারেল আজিজ। গত চার বছরে সীমান্তের পাশাপাশি দেশের ভেতরে রাজনৈতিক অস্থিরতায় আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বও এ বাহিনীকে পালন করতে হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার এক আদেশে মেজর জেনারেল আজিজ আহমেদকে সেনাবাহিনীর দায়িত্বে ফেরত পাঠানোর কথা জানিয়েছে। তাকে নতুন কোনো দায়িত্ব দেওয়া হচ্ছে কি না, সে বিষয়ে সরকারের কোনো ভাষ‌্য এখনও আসেনি।

সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের কর্মকর্তা আবুল হোসেন এর আগেও বিজিবিতে দায়িত্ব পালন করেছেন সেক্টর কমান্ডার হিসেবে। এবার মহাপরিচালক হিসেবে সীমান্ত ব‌্যাংকের চেয়ারম‌্যানের দায়িত্বও তাকে পালন করতে হবে। বিজিবি কল‌্যাণ ট্রাস্টের অধীনে সম্প্রতি এই তফসিলি ব‌্যাংকের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মেজর জেনারেল হোসেন রাষ্ট্রপতির সামরিক সচিবের দায়িত্ব নিয়ে বঙ্গভবনে আসার আগে সেনা সদরদপ্তরের ইঞ্জিনিয়ার ইন চিফ এবং মিরপুরে সেনাবাহিনী পরিচালিত মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ‌্যান্ড টেকনোলজি ও গাজীপুরে বাংলাদেশ সমরাস্ত্র কারখানার কমান্ডেন্টের দায়িত্ব পালন করেন।

এক সময় ঢাকা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করা আবুল হোসেন কুয়েতে জাতিসংঘ শান্তি মিশনেও নেতৃত্বের পর্যায়ে কাজ করেছেন।

বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাওয়া এই সেনা কর্মকর্তা ‌ব্যবসায় প্রশাসন ও ডিফেন্স স্টাডিজে মাস্টার্স করেছেন। চীন, তুরস্ক ও যুক্তরাজ‌্যসহ বিভিন্ন দেশের নিয়েছেন প্রশিক্ষণ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.