রোমেল রহমান : আজ চট্টগ্রামে শুরু হল বিপিএল। দিনের শুরুতে প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে চিটাগাং ভাইকিংসকে ১৪৯ রানের টার্গেট দিয়েছে ঢাকা ডায়নামাইটস। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৮ রান করে সাকিব আল হাসানের দল ঢাকা।
এদিকে ম্যাচের শুরুটা ভালোই ছিল ঢাকার। দলীয় ৪১ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে তাদের। ২০ বলে ৬টি চার ও একটি ছক্কায় ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলে মোহাম্মদ নবীর বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন মেহেদী মারুফ। এরপর ১৪ বলে তিনটি চারের মারে ২০ রান করে টাইমাল মিলসের বলে সরাসরি বোল্ড হন নাসির। ওই ওভারেই কুমার সাঙ্গাকারাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মিলস। সাঙ্গার ব্যাট থেকে আসে ১৭ রান। ২৬ বলে দুটি করে চার ও ছক্কায় ৩৫ রান করে তিনি শিকার হন ওই মিলসের। এছাড়া সাকিব আল হাসান ১৩ রান করে নবীর বলে বোল্ডআউট হন। বাকি ব্যাটসম্যানরা ছুঁতে পারেননি দুই অঙ্ক।
৩ ওভারে ১৮ রান খরচায় ৩ উইকেট নিয়ে চিটাগাং ভাইকিংসের সেরা বোলার মোহাম্মদ নবী। তিনটি উইকেট নিয়েছেন টাইমাল মিলসও। তবে ৪ ওভারে তিনি খরচ করেছেন ২৫ রান। একটি উইকেট নিয়েছেন পাকিস্তানি বোলার ইমরান খান জুনিয়র।
