নিজস্ব প্রতিনিধি : ডিম বিক্রেতার টাকা ছিনতাইয়ের অভিযোগে ঢাকা মহানগর ট্রাফিক (উত্তর) পুলিশের কনস্টেবল লতিফুজ্জামানকে সাসপেণ্ড করা হয়েছে। রাজধানীর কাওরান বাজারের হোটেল সোনারগাঁও মোড়ে এক ডিম বিক্রেতার ৪৪ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে পুলিশ কনস্টেবল লতিফুজ্জামানকে আটক করেছে জনতা। পরে শাহবাগ থানা পুলিশ খবর পেয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে পান্থকুঞ্জ পার্কের পাশে এ ঘটনা ঘটে।
শুক্রবার দুপুরে রাজধানীর শাহবাগ থানায় ডিম বিক্রেতা আব্দুল বাছির বাদি হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর তাকে সাসপেণ্ড করা হয়।
শুক্রবার বিকেলে সাসপেণ্ড করার বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাফিক উত্তর বিভাগের উপ-কমিশনার(ডিসি)প্রবীর কুমার দাস। তিনি বলেন, ‘আমরা কারো ব্যক্তিগত অপকর্মের দায় নিবো না। পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। এখানে বিশৃঙ্খলা ও অপকর্মের কোনো ছাড় নেই। লতিফুজ্জামানের অপরাধ প্রমাণিত হলে ছাড় দেয়া হবে না। তিনি বলেন, লতিফুজ্জামানকে সাসপেণ্ড করা হয়েছে। মামলার তদন্ত চলবে। পাশাপাশি ঘটনার সুষ্ঠ তদন্তের জন্য বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।
উল্লেখ্য, রাজধানীর লালবাগ কেল্লা মোড় এলাকায় ডিমের চালান সরবরাহ করে শুক্রবার ভোরে ভ্যানে চড়ে ফিরছিলেন ডিম ব্যবসায়ী আবদুল বাছির। তেজগাঁও স্টেশন রোডের আড়তে ফেরার পথে হোটেল সোনারগাঁও মোড়ের সামনে একটি মোটরসাইকেলে (ঢাকা মেট্রো ল ২৭-৪৭৪৩) আসা দুই আরোহী তার পথরোধ করেন। আরোহী দুজনেই পুলিশের পোশাক পরিহিত ছিল। প্রথমে মোটরসাইকেল আরোহীর একজন বাছিরের কাছে গাঁজা আছে কি না জানতে চান। এরপর আর কি আছে জানতে চান। ডিম রাখার ২৪০টি খালি ঝুড়ি ও সঙ্গে ৪৪ হাজার টাকা আছে বলে জানান বাসির।
এই টাকা দেখেই তা ছিনিয়ে নেন মোটরসাইকেল আরোহীদের একজন। তবে বাছির জাপটে ধরে ফেলেন তাকে। আরেকজন পালিয়ে যায়।এ সময় কারওয়ান বাজার মোড়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের হাতে তাকে তুলে দেয়া হয়। পরে তাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।
শাহবাগ থানা সূত্রে জানা গেছে, আটক ওই ব্যক্তি নিজেকে লতিফুজ্জামান বলে পরিচয় দেন। তার গ্রামের বাড়ি শেরপুর জেলায়। লতিফ ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের (উত্তর) কনস্টেবল পদে চাকরি করেন বলে নিশ্চিত হওয়া গেছে।
