ইমো-হোয়াটসঅ্যাপ নিয়ে চিন্তায় বিটিআরসি

0

তথ্য ও প্রযুক্তি : দেশে ইমো-ভাইবারের মতো অ্যাপগুলো ব্যবহারের ফলে আন্তর্জাতিক ফোনকলের ব্যবসায় বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে এ নিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চিন্তায় আছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান শাহজাহান মাহমুদ। শুক্রবার বিটিআরসি কার্যালয়ে অবৈধ ভিওআইপি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

বিটিআরসি চেয়ারম্যান বলেন, আগে বৈধপথে গড়ে দিনে ১২ কোটি মিনিট ইনকামিং কল আসতো। ২০১৫ সালের আগস্টে কল টার্মিনেশন রেট দেড় সেন্ট থেকে বাড়িয়ে দুই সেন্ট করায় এখন তা দৈনিক গড়ে সাত কোটি মিনিটে নেমে এসেছে।মোবাইল ফোনে ইন্টারনেট সহজলভ্য হওয়ার সঙ্গে সঙ্গে ভাইবার-ইমোর মতো ভিওআইপি অ্যাপের মাধ্যমে ভয়েস কল জনপ্রিয় হওয়ায় বৈধ ভয়েস কলের ওপর এর প্রভাব পড়ছে বলে মনে করছেন তিনি।

বিটিআরসি চেয়ারম্যান বলেন, ‘এটি একটি বিরাট সমস্যা আমাদের সামনে। শুধু যে অবৈধ ভিওআইপি হচ্ছে তা নয়, অনেক কল ওটিটি, যেমন ভাইবার, ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হচ্ছে।’

এক প্রশ্নের জবাবে শাহজাহান মাহমুদ বলেন, ‘এ ব্যাপারে কোনো নীতিমালা এখনও প্রণয়ন করা হয়নি। পৃথিবীর অন্যান্য দেশ উদাহরণ নেওয়ার চেষ্টা করছি। কোনো কোনো দেশে এসব অবৈধ ঘোষণা করেছে, অনেকে দেশ বলেছে শুধুমাত্র ডেটা সরবরাহ করা যাবে, ভয়েস নয়। এ ব্যাপারে আমরা সবেমাত্র চিন্তা শুরু করেছি। আগামী দুই-এক মাসের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করব।’ অবৈধ ভিওআইপি বন্ধে সরকারের পদক্ষেপ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি সম্পূর্ণ বন্ধ করা যাবে না, কিছু না কিছু থাকবেই। তবে আগের থেকে অনেক কমিয়েছি, আরো কমে যাবে।

সংবাদ সম্মেলনে বিটিআরসির ভাইস চেয়ারম্যান আহসান হাবিব খান, কমিশনার ও মহাপরিচালকরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.