বশির আল মামুন, চকরিয়া (কক্সবাজার) : কক্সবাজারের চকরিয়ায় সন্ত্রাসের জনপদ ও অবৈধ অস্ত্রের ঘাটি হিসেবে পরিচিত চরণদ্বীপ চিংড়িঘের এলাকায় দুটি অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র্যাব। কারখানা দুটির চারদিক ঘিরে সাঁড়াশি অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। এসময় আটক করা হয় ছয় সন্ত্রাসীকে। এদেরমধ্যে অস্ত্র তৈরির কারিগর, সন্ত্রাসী ও অস্ত্র বিক্রেতা রয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব। রবিবার ভোররাত ৪সকাল ৯টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
র্যাব সূত্র জানায়, চকরিয়া উপজেলার চিংড়িজোন চিরিঙ্গা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের চরণদ্বীপ ও সওদাগরঘোনা এলাকায় চিংড়িঘেরের কাছে অস্ত্র তৈরির কারখানায় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুদ থাকার সন্ধান পায় র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে রবিবার ভোররাত থেকে অভিযান চালায় র্যাব। এসময় কারখানা থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ দেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। আটক করা হয় ছয়জনকে।
কারখানায় তল্লাশী করে ২০টি বিভিন্ন ধরনের সক্রিয় অস্ত্র ও ৯৮ রাউন্ড গুলি সহ অস্ত্র তৈরীর যন্ত্রপাতি উদ্ধার করা হয়। এরমধ্যে এক নলা বন্দুক-৮টি, দুই নলা বন্দুক-১টি, ৩০৩ দেশীয় রাইফেল-২, ২২ দেশীয় রাইফেল-১টি এবং ওয়ান শুটারগান ৮টি, ৪৯ রাউন্ড গুলি, ৪৫ রাউন্ড শর্টগানের গুলি, ৪ রাউন্ড, ৩০৩ দেশীয় রাইফেলের গুলি, পোচ-৩টি, পোচ বেল্ট-২টি এবং অস্ত্র তৈরীর মেশিন ও যন্ত্রাংশ, লেথ মেশিন-০২ টি, হাত ড্রিল-০১ টি, হেক্সা মেশিন-২টি, হেক্সাব্লেড-৩৭টি, ট্রিগার গার্ড-০৩ টি, বাট-০১ টি, পাইপ-ব্যারেল-০৪ টি, হাতুড়ি-০৩ টি, স্ক্রু ড্রাইভার, রেত, কাটিং মেশিন, বিশেষ ধরনের প্লাস, বাটাল, নাট-ভোল্ট উদ্ধার করা হয়।
এসময় গ্রেফতার করা হয় চকরিয়া উপজেলার ছাইরাখালী গ্রামের মৃত নুরুল ইসলামের স্ত্রী জোনুয়ারা বেগম (৩৮), একই এলাকার মৃত ইদ্রিছ আহমদের পুত্র নুরুল্লাহ (৪৫), ঈদমনি এলাকার মৃত আবদুল বাসেদের ছেলে নুরুল আলম (৫০), কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরং এলাকার নুর মোহাম্মদের পুত্র আব্দুল মান্নান (৩৫), আইয়ুব খান (২৭) ও কাজীরপাড়া গ্রামের আমির হোছেনের ছেলে মহিউদ্দিন (২৪)। অভিযানে নেতৃত্ব দানকারী র্যাব-৭ কক্সবাজার মেজর মাহমুদ হাসান তারিক, সিনিয়র এএসপি সাহিদা সোলতানা ও এএসপি সৈয়দ মহসিনুল হক। তারা বলেন, পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং ছয়জনকে আটক করা হয়েছে- উদ্ধারকৃত ২০টি আগ্নেয়াস্ত্র রয়েছে। এছাড়া বিপুল পরিমাণ গোলাবারুদসহ ছয় সন্ত্রাসীকে আটক করি। এদের মধ্যে অস্ত্র তৈরির কারিগরও রয়েছে।
