মো: সাইফুল উদ্দীন, রাঙামাটি : রাঙামাটির বিলাইছড়ি উপজেলাধীন কেংড়াছড়ি ইউনিয়নের বাঙালকাবা এলাকায় পানীয় জলের চরম সংকট দেখা গিয়েছে। ইউনিয়নবাসী বিশুদ্ধ পানির উৎস হিসেবে খালের পারে কুয়ার গর্ত করে সেখানে জমাট বাঁধা পানি নিরাপদ হিসেবে পানীয় জলের ব্যবহার করছেন।
অজিত কুমার তালুকদার (প্রাক্তন হেডম্যান) বলেন, দীর্ঘ যুগ যুগ ধরে আমাদের এ চরম দশা চলছে। এখন তো খালে পানি আছে তাই কুয়ায় পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে সেটা বিশুদ্ধ হোক বা নাই হোক। কিন্তু যখন খালের পানি শুকিয়ে যায় তখন আমরা এ কুয়ার পানিটাও সঠিকভাবে পায় না। চৈত্র, বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসে এ খালের পানি শুকিয়ে যায়, তখন এ চরম সংকট দেখা দেয়।
স্থানীয়বাসী সত্য কুমার তালুকদার বলেন, আমাদের অত্র বাঙালকাবা হেডম্যান পাড়ায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড তাদের পাড়াকেন্দ্র প্রতিষ্ঠানে প্রদত্ত একটি মাত্র রিংওয়েল রয়েছে। যা আমাদের পাড়ার সকলের জন্য দূরত্ব ফলে সবাই নলকূপটির সুবিধা পায় না। এছাড়া আমি ৩ বছর আগে ইউনিয়ন পরিষদে যোগাযোগ করে ৪ হাজার টাকা জমা দিয়ে প্রায় এক বছর পর একটি রিংওয়েল বরাদ্দ হলে বর্তমান কমিউনিটি সেন্টারের সামনে সেটি স্থাপন করা হয়েছে। কিন্তু সেটিও এখন নষ্ট। যার কারণে পাড়ার মানুষ পানীয় জলের সমস্যা পোহাচ্ছেন।
সংশ্লিষ্ট কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর জীব চাকমা জানান, ইউনিয়নের প্রত্যেক এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। স্বয়ং কেংড়াছড়ি সদরেও এ সমস্যা রয়েছে। প্রায় তিন চার বছর ধরে জনস্বাস্থ্য প্রকৌশল হতে রিং ও টিউব ওয়েল এর বাজেট বরাদ্দ দেওয়া হচ্ছে না। তাই পানীয় জলের জন্য কোথাও কাজ করা যাচ্ছে না। তবে এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে কেউ যোগাযোগ করতে পারেন বলে তিনি পরামর্শ দেন।
