সিটিনিউজবিডি : ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর রাজনীতি করার সুযোগ বন্ধ করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান।
রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির ঢাকা মহানগর শাখার কার্যালয় ‘ভাসানী ভবন’ মিলনায়তনে এক আলোচনা সভায় এই অভিযোগ করেন তিনি। ‘বেগম রোকেয়া দিবস’ উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে ‘জাতীয়তাবাদী মহিলা দল’।
সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিপরিষদের সকলেই বিনা ভোটে নির্বাচিত। সংসদে এমন একটি বিরোধী দল রয়েছে, যারা মন্ত্রিপরিষদে আছে, আবার যার প্রধান প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্বও পালন করছেন।’
জনগণের কাছে সরকারের কোনো জবাবদিহিতা নেই মন্তব্য করে বিএনপির এই নীতি নির্ধারক বলেন, ‘যারা ভোট ছাড়া ক্ষমতায় আছে, তাদের কাছে জনগণের জবাবদিহিতা অবান্তর।’
বেগম রোকেয়ার স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘বিরূপ পরিস্থিতিতে বাধা-বিপত্তি অতিক্রম করে বেগম রোকেয়া যেমন তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয়েছেন, ঠিক তেমনি আমাদেরকে (বিএনপি) গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠাসহ মানুষের মৌলিক অধিকার আদায়ে অগ্রসর হতে হবে।’
এ সময় নারীদের উন্নয়নে বিএনপি সরকারের সময়ে নেওয়া নানা পদক্ষেপ তুলে ধরেন নজরুল ইসলাম খান।
মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাজমেরী ইসলাম, বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, মহিলাবিষয়ক সম্পাদক নূরে আরা সাফা, সংগঠনের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।
