ঢাকা : হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হয়েছে ১৪ লাখ ৯৭ হাজার ৬৭২ জন। এর মধ্যে নতুন ভোটার পুরুষ ৯ লাখ ২ হাজার ৮১২ জন এবং মহিলা ভোটার ৫ লাখ ৯৪ হাজার ৮৬০ জন।
এ অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটার ১০ কোটি ১৪ লাখ ৪০ হাজার ৬০১ জন।
আজ (২ জানুয়ারী) সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান এই তালিকা গণমাধ্যমে পাঠিয়েছেন।
চলমান ভোটার তালিকা হালনাগাদে মোট ৩ লাখ ৭১ হাজার ১৭ জন ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে। এছাড়া গত বছর হালনাগাদের সময় যেসব নাগরিকের তথ্য অগ্রিম সংগ্রহ করা হয়েছিল তাদের মধ্যে যারা ইতোমধ্যে ভোটার হওয়ার যোগ্য হয়েছেন তাদেরকে খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এরূপ ভোটারের সংখ্যা ১১ লাখ ২৬ হাজার ৬৫৫ জন। প্রকাশিত খসড়া ভোটার তালিকার উপর দাবি আপত্তি নিষ্পত্তির পর আগামী ৩১ জানুয়ারি হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
সেই অনুযায়ী দাবি, আপত্তি ও সংশোধনের জন্য দরখাস্ত দাখিলের শেষ সময় ১৭ জানুয়ারি, সংশোধনকারী কর্তৃপক্ষ কর্তৃক দাবি আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত দরখাস্তসমূহ নিষ্পত্তির শেষ সময় ২২ জানুয়ারি, রেজিস্ট্রেশন অফিসার কর্তৃক দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত দরখাস্তের উপর গৃহীত সিদ্ধান্ত সন্নিবেশনের শেষ তারিখ ২৭ জানুয়ারি এবং হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ৩১ জানুয়ারি।
খসড়া ভোটার তালিকা সর্বসাধারণের প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিস, সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসারের (উপজেলা/থানা নির্বাচন) অফিস, রিভাইজিং অথরিটির কার্যালয়, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, ওয়ার্ড অফিস, ক্যান্টনমেন্ট বোর্ড অথবা রেজিস্ট্রেশন কেন্দ্র অথবা জনগুরুত্বপূর্ণ যে কোন স্থানে উন্মুক্ত রাখা হবে। দাবি, আপত্তি ও সংশোধনীর দরখাস্ত সমূহ নির্ধারিত ফরমে সংশোধকারী কর্তৃপক্ষকে সম্বোধন করে ১৭ জানুয়ারির মধ্যে দাখিল করতে হবে।
