খেলাধুলা : স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের জয়রথ থামাল সেভিয়া। ৪০ ম্যাচ পর পরাজয়ের স্বাদ পেলেন রোনাল্ডো-রামোসরা। লা লিগায় রোববার রাতে সেভিয়ার কাছে ২-১ গোলে হেরেছে জিনেদিন জিদানের শিষ্যরা।
দুই দিন আগেই সেভিয়ার মাঠে কোপা ডেল রে-এর ম্যাচে তাদের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছিল রিয়াল। সেই ড্রয়ে ৪০ ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ডটাও নিজেদের করে নিয়েছিল তারা। কিন্তু দুদিন পর সেই সেভিয়ার কাছেই হারতে হলো রিয়ালকে। ১-০-তে এগিয়ে থাকলেও ম্যাচের শেষ ৫ মিনিটের দুর্ভাগ্যেই হার সঙ্গী হলো রিয়ালের। লা লিগার শীর্ষ দলটি রামোসের আত্মঘাতী গোলের পাশাপাশি সেভিয়ার স্টিভেন জোভেতিচের শেষ মুহূর্তের দুর্দান্ত গোলেই ম্যাচ হারে।
আত্মঘাতী গোলটির দায় অন্যভাবে স্বীকার করেই নিয়েছেন রামোস, ‘আমরা খেলাটিকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারিনি। ওই একটি ফ্রিকিকই খেলার দিক পাল্টে দিয়েছে।’
খেলার ৬৬ মিনিটে সেভিয়ার গোলকিপার সার্জিও রিকো ডি বক্সের মধ্যে দানি কারভাহালকে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল। সেই পেনাল্টি কাজে লাগিয়ে দলকে ১-০ গোলে এগিয়ে দেন ক্রিস্টিয়ানো রোনালদো। লা লিগায় পেনাল্টি থেকে সবচেয়ে বেশি (৫৬) গোল করার তালিকায় যৌথভাবে শীর্ষে উঠে গেলেন ফিফার বর্ষসেরা ফুটবলার।
এক গোলে এগিয়ে থেকেই ৮৫ মিনিটে আত্মঘাতী গোলটি হজম করে রিয়াল। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে জোভেতিচের দারুণ শট গোলকিপার কেইলর নাভাসকে পরাস্ত করলে ৪০ ম্যাচ পর হারের লজ্জা সঙ্গী হয় তাদের। সূত্র: রয়টার্স।
