মো: সাইফুল উদ্দীন : রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের বেতছড়ি এলাকায় সোমবার ভোরে দুইটি পণ্যবাহী ট্রাকে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এর প্রতিবাদে রাঙামাটিতে সকল প্রকার যান চলাচল বন্ধ করে দিয়েছে বাস-ট্রাক মালিক, শ্রমিক ইউনিয়ন।
ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সেকান্দর আলী জানান, ভোররাতে পাঁচটি ট্রাক রাঙামাটি থেকে পণ্য নিয়ে খাগড়াছড়ি যাওয়ার পথে বেতছড়ি এলাকায় পাহাড়ি সন্ত্রাসীরা চাঁদার দাবিতে দুইটি ট্রাকে আগুন দেয়। এসময় দুইজন শ্রমিক মারাত্মকভাবে দগ্ধ হয়। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ট্রাক ও শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে এবং চাঁদাবাজি বন্ধের দাবিতে বর্তমানে রাঙামাটির সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। যতক্ষণ প্রশাসন থেকে আমরা ন্যায্য আশ্বাস না পাবো ততক্ষণ পর্যন্ত এই ধর্মঘট চলবে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. রশীদ জানান, সকালে ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় মালিক-শ্রমিক নেতৃবৃন্দ শহরে গাড়ি চলাচল বন্ধ রেখেছে। তবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।
এদিকে শহরের একমাত্র যোগাযোগের মাধ্যম অটোরিক্সাসহ বাস, ট্রাক হঠাৎ বন্ধ করে দেওয়ায় যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।
