সিটিনিউজ ডেস্ক : আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
স্বরস্বতী পূজার কারণে আগামী ১ ফেব্রুয়ারি সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এজন্য এবার ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে।
মন্ত্রী বলেন, এবার পরীক্ষায় অংশগ্রহণ করবে ৮টি সাধারণ বোর্ডের এসএসসি, মাদরাসা বোর্ডর দাখিল ও কারিগরি মিলে মোট ৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন শিক্ষার্থী।
পরীক্ষা সংক্রান্ত সকল পূর্ব প্রস্ততি সম্পন্ন হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ পরীক্ষার সংশ্লিষ্টদের সর্তক থাকার জন্য নির্দেশনা দেয়া হয়েছে যাতে কোনোভাবেই প্রশ্ন ফাঁস না হয়।
অভিভাবকদের উদ্দেশে নাহিদ বলেন, প্রশ্নপত্র ফাঁসের গুজবে কেউ কান দেবেন না। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ সাইটগুলোতে মনিটরিং কমিটির নজরদারি থাকবে।
অন্যান্য বছরের মতো এবারও সকালের পরীক্ষা ১০ থেকে ১টা এবং বিকালের পরীক্ষা ২টা থেকে ৫টা পর্যন্ত নেয়া হবে।
সময়সূচি অনুযায়ী, ২ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময়সূচিতে আগামী ৪ মার্চ সঙ্গীতের ব্যবহারিক পরীক্ষা এবং ৪ মার্চ থেকে ১১ মার্চের মধ্যে বেসিক ট্রেডসহ এসএসসির সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা নেয়ার কথা বলা হয়েছে।
