সিটিনিউজ ডেস্ক::আজ ৬ মার্চ। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের ৪র্থ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে নওগাঁ জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্মরণসভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
শহরের নওযোয়ান মাঠে জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এমপি সভাপতিত্বে স্মরণসভায় উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধূরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, জাতীয় সংসদের হুইপ অ্যাড. শহীদুজ্জামান সরকার এমপি, ইসরাফিল আলম এমপি, ছলিম উদ্দিন তরফদার এমপি, প্রয়াত নেতা আব্দুল জলিলের ছেলে নিজাম উদ্দিন জলিল জনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের আগমন উপলক্ষে নওগাঁয় বইছে আনন্দের জোয়ার। শহরের রাস্তাঘাট তোরণে তোরণে ছেয়ে গেছে। শুভেচ্ছা স্বরুপ বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন লাগিয়েছেন দলের নেতাকর্মীরা।
