মো: সাইফুল উদ্দীন, রাঙামাটি::সারা দেশের ন্যায় রাঙামাটিতে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে দুদক, সজেকা, দুপ্রক রাঙামাটি জেলা শাখার আয়োজনে এবং রাঙামাটি জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে রাঙামাটির জেলা প্রশাসক মো: মানজারুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আবু শাহেদ চৌধুরী, দুদক সম্মলিত আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মো: শফিকুল রহমান ভূইঁয়াসহ বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক মো: মানজারুল মান্নান বলেন, দেশকে এগিয়ে নিতে হলে দুর্নীতির বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। দুর্নীতি কখনো একটি দেশকে এগিয়ে যেতে দেয় না, তাই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রতিটি সচেতন নাগরিকের দায়িত্ব।
তিনি আরো বলেন, দুর্নীতি প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করতে পারে তরুণ সমাজ। তাদেরকে এই দুর্নীতি প্রতিরোধে এগিয়ে আসতে হবে। এছাড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি বিরোধী সচেতন মূলক প্রচারণা ও নৈতিক শিক্ষা প্রদান করতে হবে।
মানববন্ধনের আগে জেলা প্রশাসক’র কার্যালয় প্রঙ্গণে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে দুর্নীতি বিরোধী শপথ পাঠ করান দুদক সম্মলিত আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মো: শফিকুল রহমান ভূইঁয়া।
