সিটিনিউজবিডিঃ সারাদেশের সড়ক-মহাসড়কের অবস্থা এবার অতীতের চেয়ে ভাল। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওরায়দুল কাদের বলেছেন, এবার ঈদে কোন অবস্থায় জনদুভোগ হতে দেয়া যাবে না। যে কোন মূল্যে মানুষের বাড়িতে আসা-যাওয়া স্বস্তি দায়ক করতে হবে।
তিনি বলেন, এবার রাস্তার জন্য কোন দুর্ভোগ হলে কাউকে ছাড় দেয়া হবে না। মন্ত্রী বলেন, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের নির্মাণ কাজ প্রায় শেষ। এ জন্য এবার ভোগান্তি হবে না। সাম্প্রতিক সময়ে বৃষ্টিতে কোন কোন সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ জন্য আমাদের কর্মকর্তাসহ সবাই সড়কে রয়েছি। ঈদ পর্যন্ত সড়কে থাকব। যদিও সড়কে তেমন সংকট নেই বলে তিনি উল্লেখ করেন।
তিনি শনিবার সকালে গাজীপুরের টঙ্গীর চেরাগআলী মার্কেট এলাকায় এসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শন করে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আসন্ন ঈদে যাত্রীসেবার লক্ষ্যে বিআরটিসির অতিরিক্ত ৫০৬টি বাসের মাধ্যমে বিশেষ বাস সার্ভিস চালু করা হবে। এছাড়া আপদকালীন হিসেবে আরো ৫০টি বাস মজুদ রাখা হবে।
রাস্তায় চাঁদাবাজি নিরসনে আমরা কঠোর অবস্থানে রয়েছি একথা উল্লেখ করে তিনি বলেন, এজন্য র্যাব-পুলিশ কাজ করছে।
এ সময় সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফতাব হোসেন খান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মোস্তাফা কামাল, গাজীপুরের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন খান ও প্রকৌশলী মমিনুল ইসলামসহ সড়ক বিভাগ, হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের কর্মকর্তাগণ এ সময় তার সঙ্গে ছিলেন।
