সিটিনিউজ ডেস্ক::‘দেশে সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়া চলছে’ বলে সংসদে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা সত্যের অপলাপ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ইইউসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদন দেখলে বোঝা যায় দেশে গণতন্ত্র নেই।
বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা বলেন।
২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের বর্জনের মধ্য দিয়ে দশম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনকে সফল বলে উল্লেখ করে বুধবার প্রধানমন্ত্রী সংসদে বলেন, ‘বাংলাদেশে সফলভাবে যে নির্বাচনটা হয়েছে, যে গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত আছে, সংসদে এখন আর খিস্তিখেউড় হয় না, নোংরা কথা হয় না, সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়া চলছে—এটাই প্রমাণিত হয়েছে।’
ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর এই বক্তব্য সত্যের অপলাপ ছাড়া আর কিছুই নয়। দেশে কোনো গণতন্ত্র নেই।
এদিকে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর বিএনপি আগামী ৭ ও ৮ মে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর ইউনিটের কর্মিসভা করবে। কর্মিসভা সফল করতে সংবাদ সম্মেলনের আগে দুই মহানগর বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়।
আজ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাদের নিয়ে যৌথ সভা করেন বিএনপির মহাসচিব। সভা শেষে সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, আগামী ৭ মে ঢাকা মহানগর নাট্যমঞ্চে দক্ষিণের ও ৮ মে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে উত্তরের কর্মিসভার তারিখ ঠিক করা হয়েছে।
পুলিশের অনুমতি সাপেক্ষে কর্মিসভা হবে জানিয়ে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, দেশের বিভিন্ন জায়গায় বিএনপির কর্মিসভায় পুলিশ বাধা দিচ্ছে।
সংবাদ সম্মেলনে মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, উত্তরের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
