খেলাধুলা : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে পাকিস্তানের পর এবার ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় প্রস্তুতিমূলক ম্যাচে আগামীকাল লন্ডনের কেনিংটন ওভালে ভারতের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।
পহেলা জুন থেকে ইংল্যান্ড এন্ড ওয়েলসে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর। টুর্নামেন্টকে সামনে রেখে নির্ধারিত দু’টি প্রস্তুতিমূলক ম্যাচের মধ্যে ইতোমধ্যে একটি ম্যাচ খেলে ফেলেছে তারা। গত ২৭ মে বার্মিংহামে পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ।
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে রানার্স-আপ হবার পর এমনটাই বলেছিলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে মাশরাফি বলেন, ‘প্রস্তুতি ম্যাচ দু’টি খুবই গুরুত্বপূর্ণ। এখানকার (আয়ারল্যান্ড) চেয়ে ইংল্যান্ডের উইকেট সম্পুর্ন ভিন্ন। তবে ভারত ও পাকিস্তানের মতো দলের বিপক্ষে দু’টি প্রস্তুতি ম্যাচে আমরা একটা ধারণা পাব (উইকেটের ব্যাপারে)। সুতরাং প্রস্তুতি ম্যাচ দু’টিও আমাদের জন্য বড় ম্যাচ।’ ভারতও ইতোমধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলে ফেলেছে। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি বৃষ্টি আইনে ৪৫ রানে জিতে টিম ইন্ডিয়া। কেনিংটন ওভালে টস জিতে প্রথমে ব্যাটিং-এ নেমে ভারতীয় বোলারদের তোপে ১৮৯ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ভারতের মোহাম্মদ সামি ও ভুবেনশ্বর কুমার ৩টি করে উইকেট নেন। জবাবে ২৬ ওভারে ৩ উইকেটে ১২৯ রান তুলে ফেলে ভারত। এরপর বৃষ্টির কারনে ম্যাচের ফলাফল নির্ধারন করা হয়। সেখানে ৪৫ রানে এগিয়ে থেকে ম্যাচ জিতে নেয় বিরাট কোহলির দল। আগামী পহেলা জুন ইংল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরুর পর আগামী ৫ ও ৯ জুন ‘এ’ গ্রুপে বাংলাদেশের পরবর্তী দু’টি ম্যাচ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, ইমরুল কায়েস, শফিউল ইসলাম, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, ও সানজামুল ইসলাম।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, যুবরাজ সিং, অজিঙ্কা রাহানে, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, হার্দিক পান্ডে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, উমেশ যাদব, ও মোহাম্মদ সামি। বাসস।
