লংগদুতে একে-৪৭ সহ গোলাবারুদ উদ্ধার

0

সাইফুল উদ্দীন, রাঙামাটি প্রতিনিধি::রাঙামাটির লংগদুতে যৌথবাহিনীর অভিযানে একে-৪৭ সহ চারটি অত্যাধুনিক অস্ত্র, বিপুল গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসময় গুড়িয়ে দেয়া হয়েছে সন্ত্রাসীদের আস্তানা। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে লংগদু সদর ইউনিয়নের গোলাছড়ি নামক পাহাড়ি এলাকায় এই অভিযান চালানো হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো পাহাড়ের আঞ্চলিক দল ইউনাইটেড পিপল স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সমর্থিত সন্ত্রাসীদের বলে জানিয়েছে যৌথবাহিনী।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে- ২টি একে-৪৭ রাইফেল, ১টি যুগোস্লাভিয়ান রাইফেল ও ১টি চাইনিজ রাইফল। এছাড়া ১৫২ রাউন্ড তাজাগুলি, ৪টি ম্যাগজিন, ৫টি মোবাইল ফোন, ৪ জোড়া সামরিক পোশাকসহ বিপুল সরঞ্জাম ও ইউপিডিএফের নথিপত্র।

সেনা কর্মকর্তারা জানান, ওই এলাকায় নাশকতার উদ্দেশ্যে একদল সশস্ত্র সন্ত্রাসী অবস্থান করছিল এমন গোপন তথ্য নিশ্চিত হওয়ায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে নামে। অভিযান শুরু হয় বুধবার ভোররাত থেকে। এ সময় এলাকাটি ঘিরে ফেলে পুলিশ ও সেনা সদস্যরা। কিন্তু তার আগে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

পরে সন্ত্রাসীদের আস্তানায় তল্লাশি চালিয়ে ওইসব অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম উদ্ধার করে যৌথবাহিনী। সন্ত্রাসীরা ইউপিডিএফ সমর্থিত বলে জানিয়েছে পুলিশ।

সেনাবাহিনীর লংগদু জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আব্দুল আলীম চৌধুরীর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়েছে বলে জানান সেনা কর্মকর্তারা।

এদিকে লংগদু থানার অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম জানান, লংগদু সদর ইউনিয়নের গোলাছড়িতে কয়েক দিন ধরে ১৫-১৬ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল অবস্থান করছিল। গোপন তথ্যে বিষয়টি নিশ্চিত হওয়ার পর অভিযান পরিচালিত হয়। কিন্তু যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা মাইনি নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে ভোর ৪টার দিকে তাদের আস্তানা থেকে ওইসব আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.