সিটিনিউজবিডি : ব্লগার হত্যা নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছে আওয়ামী লীগ । বাংলাদেশে এবছর ফেব্রুয়ারি মাস থেকে এ পর্যন্ত অন্তত চারজন ব্লগারকে হত্যার ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগ বিব্রতকর অবস্থায় পড়েছে । এসব হত্যাকাণ্ডের ব্যাপারে দলের নেতারা বিভিন্ন রকমের বক্তব্য দিচ্ছেন। তাদের কেউ কেউ হত্যাকারীদের বিচারের কথা বললেও, অনেকে ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করতে ব্লগারদেরকেও হুঁশিয়ার করে দিচ্ছেন।
বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ নিজেদেরকে ধর্মনিরপেক্ষ দল হিসেবে দাবি করলেও এবিষয়ে দলটির অবস্থান পরিস্কার নয়, বরং তারা দ্বিমুখী নীতির মাধ্যমে উভয়পক্ষকেই খুশি রাখার চেষ্টা করছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে আওয়ামী লীগ। ব্লগারদের হত্যাকান্ডের বিরুদ্ধে আওয়ামী লীগ অবস্থান তুলে ধরলেও, যখন ব্লগারদের বিরুদ্ধে ইসলামকে কটাক্ষ করার অভিযোগ আসছে – তখন দলটির অবস্থান আর পরিস্কার থাকছে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তাঁর তথ্য বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় কয়েকদিন আগে একটি বিদেশী সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, আওয়ামী লীগকে কেউ ধর্মবিরোধী মনে করুক, এটা তারা চাননা।
