সিটিনিউজবিডি : বগুড়ার শেরপুর উপজেলায় একটি লবণবোঝাই ট্রাকে অভিযান চালিয়ে ১০৭ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। এ সময় ট্রাক, ট্রাকের লাইসেন্স, শ্রমিক সমিতির পরিচয়পত্র ও ৬৬ বস্তা লবণ জব্দ করা হয়েছে।
তবে, ট্রাকের চালক রুহুল আমিন ওরফে রুবেল (৩৩) পালিয়ে গেছেন। রুবেল বগুড়া সদর উপজেলার মাটিডালী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
বুধবার (১২ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনকুণ্ডিস্থ সেবা হোটেলের সামনে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। রাত সোয়া ১০টার দিকে র্যাব-১২ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, র্যাব-১২ এর বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও স্কোয়াড কমান্ডারের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ট্রাকের ভেতর থেকে ১০৭ কেজি গাঁজা উদ্ধার করে।
এ ঘটনায় শেরপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
