স্পোর্টস ডেস্ক:: পঞ্চম বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সকে ১৩৭ রানের লক্ষ্য দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া এবারের আসরের প্রথম ম্যাচটিতে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৩৬ রান করে সাকিব আল হাসানের ঢাকা। নাসির হোসেনের দুর্দান্ত বোলিংয়ে শুরুতে চাপে পড়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। সেই চাপ সামলে বড় স্কোর গড়া হয়নি তাদের।
নিজেদের হোম গ্রাউন্ডে আসর শুরুর সুযোগ পেয়েছে নবাগত দল সিলেট সিক্সার্স। স্বাগতিক দর্শকদের সমর্থনটা তাই সঙ্গী তাদের। সঙ্গে টস ভাগ্যটা তাদের পক্ষে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই প্রথম বিপিএলের আসর। খুব বেশি ম্যাচ যে এখানে হয়েছে আগে তা নয়। তাই উইকেটের আচরণ কেমন হতে পারে এটিও অজানা সবার। নাসির হোসেন কি এ কারণেই বোলিংটা আগে বেছে নিলেন? যদি তাই হয় তবে দারুণ সফল বলতে হকে তাকে।
নাসির শুধু টসের সিদ্ধান্তেই সফল নন। সফল তিনি বল হাতেও। সিলেটের হয়ে বোলিং শুরু করলেন তিনি নিজে। এবং শুরুতেই দলকে এনে দিলেন সাফল্য। গত আসরের সফল ব্যাটসম্যান মেহেদী মারুফকে তিনি ফিরিয়ে দেন ০ রানেই। প্রথম ওভারের শেষ বলে ২ রানে পড়ে ঢাকার প্রথম উইকেট। মেহেদী মারুফকে হারিয়ে চাপে পড়লেও অভিজ্ঞ কুমার সাঙ্গাকারা যোগ দেন আরেক ওপেনার ইভিন লুইসের সঙ্গে। এই জুটি শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করে। দ্বিতীয় উইকেট জুটিতে ৫৪ রান যোগ করেন তারা। লুইসকে ২৬ রানে ফিরিয়ে জুটি ভাঙেন নাসির। আবুল হাসানের হাতে লুইসকে ক্যাচ বানান তিনি।
লুইস ফেরার ১০ রান পর ফিরে যান সাঙ্গাকারাও। লিয়াম প্লানকেটের বলে ২৮ বলে ৩২ রান করে আবুল হাসানের হাতে ধরা পড়েন তিনি। তার ব্যাট থেকে আসে ৩টি চার ও ১টি ছয়। ঢাকার পক্ষে সর্বোচ্চ তারই। এরপর মোসাদ্দেক হোসেন (৬) ও কাইরন পোলার্ড (১১) ব্যর্থ। সাকিব আল হাসান ২৩ রান করেন।
বিপিএলে এবার বাড়ানো হয়েছে বিদেশির সংখ্যা। ৫ জন করে বিদেশি খেলছে প্রতি দলে। ঢাকা ৩ বিদেশি ব্যাটসম্যান তার ২ বোলার নিয়ে নেমেছে। বিদেশি কুমার সাঙ্গাকারা, ইভিন লুইস, কাইরন পোলার্ডের সঙ্গে দেশি মেহেদী মারুফ ও সাকিব আল হাসানকে নিয়ে তাদের সমৃদ্ধ ব্যাটিং লাইন। বোলার হিসেবে দুই বিদেশি আদিল রশিদ ও ক্যামেরন ডেলপোর্ট।
নাম বা ধার যেটাই বিচার করা হোক দেশি-বিদেশি দুই ক্রিকেটার মিলিয়েই ঢাকার চেয়ে সিলেট কিছুটা পিছিয়ে। দলটিও ৫ বিদেশি নিয়ে নেমেছে। ব্যাটসম্যান হিসেবে রয়েছে উপুল থারাঙ্গা, আন্দ্রে ফ্লেচার, রস হোয়াইটলে। বোলিংয়ে ক্রিশমার সান্টোকি ও লিয়াম প্লানকেট।
সিলেটের পক্ষে নাসির হোসেন ছাড়াও আবুল হাসান ও প্ল্যাঙ্কেট ২টি করে উইকেট নিয়েছেন।
একাদশ :
ঢাকা ডায়নামাইটস : সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী মারুফ, ইভিন লুইস, কুমার সাঙ্গাকারা, কাইরন পোলার্ড, মোসাদ্দেক হোসেন, ক্যামেরন ডেলপোর্ট, আদিল রশিদ, সাকলাইন সজীব, আবু হায়দার রনি ও মোহাম্মদ শহীদ।
সিলেট সিক্সার্স : নাসির হোসেন (অধিনায়ক), উপুল থারাঙ্গা, আন্দ্রে ফ্লেচার, রস হোয়াইটলে, সাব্বির রহমান, শুভাগত হোম, নুরুল হাসান, তাইজুল ইসলাম, আবুল হাসান, ক্রিশমার সান্টোকি ও লিয়াম প্লানকেট।
