বাংলাদেশ প্রথম ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী

0

সিটিনিউজবিডি :  প্রথম ফ্লাইটে বাংলাদেশ থেকে ৪১৯ জন হজযাত্রী জেদ্দা যাবে। আজ রোববার সকাল ৮টা ৩৫ মিনিটে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এবারের প্রথম হজ ফ্লাইট। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশকোনাস্থ হজ ক্যাম্পে হজ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন উদ্বোধনী ফ্লাইটের যাত্রীদের বিদায় জানাবেন। বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, আগামীকাল দুপুর আড়াইটায় ৪১৯ জন যাত্রী নিয়ে দ্বিতীয়, রাত ৮টা ৩৫ মিনিটে আরো ৪১৯জন যাত্রী নিয়ে তৃতীয় হজ ফ্লাইট ও রাত ১১টা ৫৯ মিনিটে সিডিউল ফ্লাইট বিজি ০০৩৫ জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়বে।

খান মোশাররফ হোসেন বলেন, নির্ধারিত সময়ে, নির্বিঘ্নে হজ ফ্লাইট পরিচালনার সব প্রস্তুতি শেষ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চট্টগ্রাম এবং সিলেট থেকেও এ বছর যথারীতি প্রয়োজনীয় সংখ্যক হজ ফ্লাইট পরিচালনা করা হবে।

বাংলাদেশ বিমান সূত্র জানিয়েছে, বিমানকর্তৃক পরিচালিত ডেডিকেটেড হজ ফ্লাইটসমূহের চেক-ইন, ইমিগ্রেশন ও কাস্টমস আনুষ্ঠানিকতা প্রতিবারের মতো এবারও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন হজক্যাম্পেই সম্পন্ন করা হবে। তবে সিডিউল ফ্লাইটের হজযাত্রীদের যাত্রাপূর্ব আনুষ্ঠানিকতা যথানিয়মে বিমানবন্দরে সম্পন্ন করা হবে।

প্রসঙ্গত, এ বছর বাংলাদেশ থেকে প্রায় ১,০১,৭৫৮ জন হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন মোট ২ হাজার ৬০০ জন। বাকি ৯৯,১৫৮জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। সরকারি ব্যবস্থাপনায় এ বছর বিমানে যাবেন মোট ২,৫৭৫ জন হজযাত্রী। অবশিষ্ট ৪৮,৪২৫জন বেসরকারি ব্যবস্থাপনায় জেদ্দা যাবেন। চাঁদ দেখা সাপেক্ষে ২২ সেপ্টেম্বর সৌদি আরবে হজ শুরু হতে পারে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.