সিটিনিউজবিডি : কোন ছবিটা মনের ক্যানভাসে রাখবেন? গোলদাতা ফাহিম মোরশেদের ব্যতিক্রমধর্মী উদযাপন, নাকি গোলরক্ষক ফয়সাল আহমেদের ঠেকিয়ে দেওয়া টাইব্রেকার? দুটোকেই রাখতে পারেন। একটা শুরু হলে আরেকটা তো শেষ। টাইব্রেকারের নাটকীয়তা। সিলেটের মাঠ ভর্তি দর্শকের আকাশ কাঁপানো গর্জন। সোনালি সুদিনের কথা মনে করিয়ে দিয়ে অনেক দিন পর বাংলাদেশের ফুটবলের সার্থক একটা ছবি আঁকল বাংলাদেশের আগামীর নায়কেরা।
টাইব্রেকারে ভারতকে ৪-২ ব্যবধানে হারিয়ে সাফ অনূর্ধ্ব ১৬ চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। নির্ধারিত ৯০ মিনিটে ছিল ১-১ সমতা। ৪৬ মিনিটে ফাহিমের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৬৩ মিনিটে সমতা ফেরায় ভারত। বাংলাদেশ দল একের পর এক সুযোগ তৈরি করলেও আর গোল দিতে পারেনি। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকে। সাফ অনূর্ধ্ব ১৬ ফুটবলে এটাই বাংলাদেশের প্রথম শিরোপা। এদিন সিলেট জেলা স্টেডিয়ামে তিল ধারণের ঠাই ছিলনা। স্টেডিয়ামের প্রবেশমুখ ছাড়িয়ে প্রায় অর্ধ কিলোমিটার জুড়ে মানুষ আর মানুষ।
অথচ ঢাকার ঘরোয়া ম্যাচে নাকি টাকা দিয়েও দর্শক পাওয়া যায় না! সিলেট স্টেডিয়ামের আশপাশ জুড়ে শুধু মানুষ আর মানুষ। এ যেন জনস্রোত! এই জনস্রোতের অভীষ্ট লক্ষ্য একটাই- সিলেট জেলা স্টেডিয়াম! সিলেটের মানুষের ফুটবলপ্রেম, ফুটবল উন্মাদনা অনেক আগেই প্রমাণিত। গত বছর নেপাল-বাংলাদেশ প্রীতি ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ঘটে সিলেট জেলা স্টেডিয়ামের। ওই সময়ই সিলেটের মানুষের উন্মাতাল ফুটবল প্রেম অবাক করে দিয়েছিল গোটা দেশকে।
স্টেডিয়ামের নিরাপত্তা বেষ্টনীর ভেঙ্গে উত্তাল জনস্রোত কবে, কোথায় মাঠে ঢুকে পড়েছিল! শুধুমাত্র ফুটবলের প্রেমে! ফুটবলের টানে! তারপর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা দেশের ফুটবলের সেকেন্ড হোম বানিয়ে ফেলেছেন সিলেটকে। চলতি বছরের শুরুর দিকে বঙ্গবন্ধু কাপের ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয় সিলেটে। ওই সময়ও ফুটবলের প্রতি প্রবল ভালোবাসা দেখিয়েছেন সিলেটের মানুষ।
এবার সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপ। গোটা টুর্নামেন্টই হয়েছে সিলেটে। টুর্নামেন্টের শুরু থেকেই দর্শকদের উপচে পড়া ভিড় ছিল সিলেট জেলা স্টেডিয়ামে। বিশেষ করে বাংলাদেশের ম্যাচগুলোতে তো দর্শকদের চাপ সামলাতে হিমশিম খেতে হয়েছে আয়োজক কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। স্টেডিয়ামে তিল ধারণের ঠাঁই ছিলনা।
ফাইনালের মহারণ দেখতে সিলেট জেলা স্টেডিয়ামে জড়ো হয়েছিল প্রায় ৩২ হাজার দর্শক। বাইরে ছিলেন আরো হাজার দুয়েক। তারা এদিক-উদিক ছোটাছুটি করেছেন, যদি একটি টিকেট পাওয়া যায়!
