শহিদুলইসলাম, উখিয়া প্রতিনিধি :: কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা নেতা ইউসুফ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে মো. মহিবুল্লাহ (২৮) নামের এক রোহিঙ্গাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
শুক্রবার (২৬জানুয়ারী) ভোর ৫টার দিকে উপজেলার বালুখালীতে অবস্থিত অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ, বাসা নম্বর-৩১ থেকে ওই রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়।
মো. মহিবুল্লাহর বাবার নাম বশির আহমদ। আটকের সময় মহিবুল্লাহর কাছ থেকে একটি দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭-এর মেজর মো. রুহুল আমিনের নেতৃত্বে একটি দল মহিবুল্লাহকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইউসুফ হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, হত্যাকাণ্ডের বিষয়ে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।। মহিবুল্লাহের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
গত ২০ জানুয়ারি থাইংখালী তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের ‘ডি’ ব্লকের মাঝি মুহাম্মদ ইউসুফকে গুলি করে হত্যা করা হয়। পরে ২৪ জানুয়ারি হত্যাকাণ্ডে জড়িত নূর মোহাম্মদ (৩০) ও আতাউর রহিমকে (১৬) ধারালো অস্ত্রসহ আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী নিকট সোর্পদ্দ করেন।
