খাগড়াছড়ি প্রতিনিধি, সিটি নিউজঃঃ খাগড়াছড়িতে গুলিতে দিলীপ চাকমা নামে ইউডিএফ এর এক কর্মী নিহত হবার খবর পাওয়া গেছে।
আজ শনিবার (১৭ ফেব্রুয়ারী ) সকাল সাড়ে ৮টার দিকে খাগড়াছড়ির প্রত্যন্ত এলাকা রাঙ্গাপানিছড়ায় দিলীপ কুমার চাকমা নামে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ’র এক কর্মীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।
দিলীপ কুমার চাকমা ওরফে বিনয় চাকমা, সংগঠনটির প্রসিতবিকাশ খীসা সমর্থিত সক্রিয় সদস্য বলে জানা গেছে। বিনয় চাকমাকে গুলি করে হত্যার ঘটনায় সংগঠনটির বিভক্ত দু’গ্রুপ পাল্টাপাল্টি অভিযোগ করেছে । পুলিশ জানায়,নিহত দিলীপ কুমার চাকমা প্রকাশ বিনয় চাকমা খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার মণিপুর গ্রামের সন্তোষ চাকমার ছেলে।
ইউপিডিএফ’র প্রসিতবিকাশ সমর্থিত গ্রুপের জেলা সংগঠক মাইকেল চাকমা জানান, সকালে ইউপিডিএফ গণতান্ত্রিক নামে তপন-জলেয়া গ্রুপের সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত হন দিলীপ কুমার চাকমা।
অপরদিকে ইউপিডিএফ গণতান্ত্রিকের সদস্য সচিব জলেয়া চাকমা তরু জানান, এখানে দুইপক্ষের মধ্যে গুলিবিনিময়ে একজন নিহত হয়েছে। তবে এ ঘটনার ইউপিডিএফ গণতান্ত্রিক জড়িত নয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মো. আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।
এর আগে গত ২ জানুয়ারি প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের কেন্দ্রীয় মিঠুন চাকমা নিহত হয়। এ হত্যাকাণ্ডকেও ইউপিডিএফ (প্রসিত) গ্রুপ ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করে।
প্রসঙ্গত, গত বছরের ১৫ নভেম্বর খাগড়াছড়ি জেলা সদরের খাগড়াপুর কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রসিত বিকাশ খীসার নেতৃত্ব প্রত্যাখ্যান করে তপনকান্তি চাকমাকে আহবায়ক ও জলেয়া চাকমা তরুকে সদস্য সচিব করে ১১ সদস্যের নতুন ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের ঘোষণা দেওয়া হয়।এর পর থেকেই মূলত তাদের গ্রুপিং কার্যক্রম সহিংস হয়ে উঠে। একের পর এক খুনাখুনিতে জড়িয়ে পড়েছে উভয় গ্রুপ।
