স্বতন্ত্র প্রার্থীর মিছিলে হামলা, আহত ২৫

ভোলা: জেলার লালমোহনে নির্বাচনী প্রচারণাকালে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মিছিলে আওয়ামী লীগের কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় স্বতন্ত্র প্রার্থীর চাচা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. তোফাজ্জল হোসেনসহ অন্তত ২৫ জন আহত হয়েছে।

শনিবার সন্ধ্যায় লালমোহন ইউনিয়নের ফুলবাগিছা বাজারে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত ১২ জনকে লালমোহন সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে লালমোহন ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান কামরুলের পক্ষে মোটরসাইকেল মার্কায় ভোট চেয়ে এলাকায় শোডাউন করে মিছিল করা হয়। এ সময় ওই ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের কর্মীরা মিছিলে হামলা চালায়। হামলায় কামরুলের চাচা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. তোফাজ্জল হোসেন, কর্মী আ. রশিদ, তারেক, আরিফ, সোহাগ, রণি, নিরবসহ ২৫ জন আহত হয়।

আওয়ামী লীগ প্রার্থী মো. শাহজাহান মিয়া জানান, মোটরসাইকেল সমর্থিত স্বতন্ত্র প্রার্থী কামরুল বহিরাগত ও বিএনপির লোকজন নিয়ে হঠাৎ ফুলবাগিছা বাজারে এসে গালিগালাজ করে তাণ্ডব চালায়। এতে তার ৫ কর্মী আহত হয়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, লালমোহন বদরপুর ইউনিয়নের স্বতন্ত্রপ্রার্থী কামরুন নাহার সুমির নির্বাচনী প্রচারণাকালে তার স্বামী জাফর আহমেদ জয়ের বহরে হামলা চালানো হয়েছে। জাফর আহমেদ জয় অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগ প্রার্থীর ভাইসহ আরো কয়েকজন হামলা চালিয়ে তার কর্মী আলাউদ্দিনকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। শনিবার সন্ধ্যার পর বদরপুর ইউনিয়নের হাজিরহাট বাজারে এ ঘটনা ঘটে।’

এ বিভাগের আরও খবর

Comments are closed.